যুক্তরাষ্ট্রে ন্যূনতম মজুরি ২৫ ডলার করার দাবি, বিলুপ্ত হতে পারে টিপস প্রথা

যুক্তরাষ্ট্রে কর্মজীবী মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ২৫ ডলারে উন্নীত করার দাবি উঠেছে। এই লক্ষ্যে দেশটির আইনপ্রণেতারা নতুন উদ্যোগ গ্রহণ করেছেন। প্রস্তাবটির অন্যতম লক্ষ্য হলো কর্মীদের বেতনের অংশ হিসেবে প্রচলিত টিপস বা বকশিশের ওপর নির্ভরশীলতা দূর করা।
আজ (১৯ নভেম্বর) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, প্রস্তাবিত এই উদ্যোগ বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। বিশেষ করে রেস্তোরাঁ, হোটেলসহ সেবা খাতে কর্মরত শ্রমিকদের জন্য টিপসনির্ভর মজুরি ব্যবস্থার পরিবর্তে নির্ধারিত ন্যূনতম বেতন নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।
ন্যূনতম মজুরি বৃদ্ধির বিষয়টি যুক্তরাষ্ট্রের সাধারণ ভোটারদের কাছেও ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জনমত জরিপ অনুযায়ী, দেশটির প্রায় ৭৮ শতাংশ ভোটার মনে করেন, আসন্ন নির্বাচনে ন্যূনতম মজুরি বৃদ্ধি অন্যতম নির্ধারক ইস্যু হতে পারে। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে শ্রমিকদের আয় বাড়ানোর দাবি জোরালো হচ্ছে। একই সঙ্গে টিপসের ওপর নির্ভরশীলতা কমিয়ে কর্মীদের স্থিতিশীল আয় নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
এদিকে ন্যূনতম মজুরি ২৫ ডলারে উন্নীত করার প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে প্রস্তাবটি বাস্তবায়নের সময়সীমা ও চূড়ান্ত আইনি কাঠামো সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।






