মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেলেন জেফরিস

ছবি: বিস্তারিত
চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর প্রতিনিধি পরিষদের স্পিকার পদে ডেমোক্র্যাটদের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন হাকিম জেফরিস। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা হিসেবে স্পিকার পদে আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়ার মাইলফলক অর্জন করলেন নিউইয়র্কের এই কংগ্রেসম্যান।
সংবাদমাধ্যম আজ জাজিরার এক প্রতিবেদনের বরাতে এ তথ্য উঠে এসে।
বুধবার (১৮ নভেম্বর) রুদ্ধদ্বার ভোটে ৫৬ বছর বয়সী জেফরিস দলের মনোনয়ন নিশ্চিত করেন। মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের সাফল্যের পর প্রতিনিধি পরিষদ ও সিনেট—কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ডেমোক্র্যাটরা।
ভোট শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দলের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান জেফরিস। এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, আমরা একসঙ্গে সাহসী পরিবর্তন আনব। মার্কিন জনগণের জীবনে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলব।
তবে জেফরিসের নেতৃত্ব নিয়ে ডেমোক্র্যাটদের প্রগতিশীল অংশের মধ্যে অসন্তোষ রয়েছে। এ কারণে বুধবার দলের সদস্যদের প্রকাশ্য রেকর্ডভিত্তিক ভোটের মুখোমুখি করার সিদ্ধান্তের কথা জানান তিনি।
নির্বাচনে সদ্য বিজয়ী কয়েকজন ডেমোক্র্যাট নেতা জেফরিসকে সমর্থন করবেন কি না, তা স্পষ্ট করেননি। তাদের দাবি, নির্বাচনী প্রচারে উল্লেখিত প্রতিশ্রুতি অনুযায়ী সাহসী ও জনমুখী নীতি বাস্তবায়নে আগ্রহী নেতৃত্ব প্রয়োজন।
এ বিষয়ে সবচেয়ে সরব বিরোধিতাকারীদের একজন ওহাইওর নবনির্বাচিত কংগ্রেস সদস্য ডন লিওনার্ড। তিনি ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ এবং সুপ্রিম কোর্টের ‘সিটিজেনস ইউনাইটেড’ মামলার রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত নির্বাচনী অর্থায়ন ব্যবস্থায় সংস্কারসহ কয়েকটি প্রগতিশীল দাবিতে নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত জেফরিসকে ভোট দেবেন না বলে জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে লিওনার্ড বলেন, স্পিকার জেফরিস যদি গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আমাদের দেশের আইন, বিশেষ করে লেহি আইন প্রয়োগের অঙ্গীকার না করেন এবং এই সংকটের মূল কারণ—সিটিজেনস ইউনাইটেডের বিষয়টি মোকাবিলায় উদ্যোগী না হন, তাহলে তিনি আমার ভোট পাবেন না।
ইসরায়েল ইস্যুতে জেফরিসের অবস্থান এবং আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (এআইপিএসি)-এর মতো ইসরায়েলপন্থী লবিং সংগঠনের সঙ্গে তার সম্পর্ক নিয়েও ডেমোক্র্যাটদের একটি অংশের সমালোচনা রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দ্য আটলান্টিক সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব সমালোচনার জবাব দেন জেফরিস। তিনি মধ্যপ্রাচ্যে ‘ব্যাপক পরিবর্তনের’ আহ্বান জানান এবং ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার সমাধানের পক্ষে অবস্থান তুলে ধরেন।
বুধবারের ভোটে কিছু বিরোধিতা থাকলেও ডেমোক্র্যাটিক ককাসের বিপুল সমর্থন পেয়েছেন জেফরিস। তার মনোনয়নের পক্ষে ভোট দেন ২৫১ জন সদস্য। আর বিপক্ষে ভোট দেন মাত্র ১১ জন।
জেফরিসের বিরোধিতা করে ভোট দেওয়া সাতজনের মধ্যে রয়েছেন সদ্য নির্বাচিত ডেমোক্র্যাট সদস্য নিউইয়র্কের দারিয়ালিজা আভিলা শেভালিয়ে ও ক্লেয়ার ভালদেজ, নিউ জার্সির অ্যাডাম হামাউই, কলোরাডোর মেলাত কিরোস, মিশিগানের ডোনাভান ম্যাককিনি, পেনসিলভানিয়ার ক্রিস র্যাব এবং ওহাইওর ডন লিওনার্ড।
এই সদস্যরা এক যৌথ বিবৃতিতে জানান, ‘মেডিকেয়ার ফর অল’ কর্মসূচি, অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিইর কর্মকাণ্ড বন্ধ, রাজনীতিতে অর্থের প্রভাব কমানো এবং গাজায় গণহত্যা বন্ধের মতো বিষয়ে জেফরিসের কাছ থেকে প্রয়োজনীয় প্রতিশ্রুতি না পাওয়ায় তাঁরা বিরোধিতা করেছেন।
বিবৃতিতে তারা লেখেন, আমরা উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছি। তবে আগামী কংগ্রেসে আমাদের দলের নেতৃত্বের দিকনির্দেশনা যেন জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটায়, তা নিশ্চিত করতে এখনো কাজ বাকি রয়েছে। এসব বিষয়ে আলোচনা চলছে। তাই আজকের ককাস ভোটে আমরা তার পক্ষে ভোট দিইনি।
টেক্সাসের ভবিষ্যৎ কংগ্রেস সদস্য ফ্রেডরিক হেইনসও জেফরিসের মনোনয়নের বিরোধিতাকারীদের যৌথ বিবৃতিতে ছিলেন। তবে পরে নিজের বিবৃতিতে তিনি জানান, অসুস্থতার কারণে বুধবারের ভোটে অংশ নিতে পারেননি।
অন্যদিকে অধিকাংশ ডেমোক্র্যাট নেতা জেফরিসের মনোনয়নকে স্বাগত জানিয়েছেন। নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে তিনি স্পিকার নির্বাচিত হওয়ার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে উঠতে পারেন।
বিদায়ী কংগ্রেস সদস্য ন্যান্সি পেলোসিও জেফরিসকে অভিনন্দন জানিয়েছেন। তিনি দুই মেয়াদে মোট আট বছর প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে জেফরিসের হাত ধরে থাকা একটি ছবি প্রকাশ করে পেলোসি লেখেন, স্পিকার-মনোনীত হাকিম জেফরিসকে অভিনন্দন!
ভোটের কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বাইবেলের করিন্থীয় পুস্তক থেকে একটি উদ্ধৃতিও পোস্ট করেন জেফরিস। সেখানে লেখা ছিল, কারণ আমরা বিশ্বাসের দ্বারা চলি, দৃষ্টির দ্বারা নয়।
এর আগে ২০২৩ সালে সাবেক স্পিকার কেভিন ম্যাকার্থিকে রিপাবলিকান সদস্যরা পদচ্যুত করার পর তার স্থলাভিষিক্ত হিসেবে জেফরিসকে মনোনীত করেছিল ডেমোক্র্যাটরা। তবে সেবার তিনি স্পিকার নির্বাচিত হতে পারেননি। বর্তমানে প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন মাইক জনসন।
এবারের দলীয় ভোটে আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়ায় স্পিকার হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন জেফরিস। আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। ওই ভোটে নির্বাচিত হলে মাইক জনসনের স্থলাভিষিক্ত হবেন হাকিম জেফরিস।





