লিওনেল মেসির জাদু ধরে আবারও লিগস কাপে শিরোপার সুবাস পাচ্ছে ইন্টার মিয়ামি। আর্জেন্টাইন মহাতারকার জোড়া গোলে সেমিতে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে শিরোপামঞ্চে উঠেছে ক্লাবটি। মেসি-ডে পলদের সামনে ফাইনালে প্রতিপক্ষ সিয়াটেল সাউন্ডার্স।
সিয়াটেলে ৬০ হাজার দর্শক ধারণ ক্ষমতার লুমেন ফিল্ডে রোববার ভোরে লড়াইয়ে নামবে মিয়ামি। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে মহারণ। ২০২৩ সালে মেসির অভিষেক মৌসুমে লিগস কাপ জিতেছিল ক্লাবটি। একই সাফল্যের পুনরাবৃত্তি করতে মরিয়া মিয়ামি।
চলতি মৌসুমে মিয়ামিতে যোগ দেয়া বিশ্বজয়ী আর্জেন্টাইন রদ্রিগো ডে পল আশাবাদী ফাইনাল নিয়ে। ৩১ বর্ষী ডে পল বলেছেন, ‘এখানে শিরোপা জিততে এসেছি, সবকিছুর জন্য প্রতিযোগিতা করতে এসেছি। ইন্টার মিয়ামির হয়ে প্রথম ফাইনাল খেলতে পেরে আমি খুব খুশি। ফাইনালে কোন ফেভারিট নেই। আমার মনে হয় লিগস কাপের সেরা দুটি দল একে অপরের মুখোমুখি হবে, কারণ রেকর্ড তাই বলে। আমরাই সেই দুটি দল যারা ফাইনালে পৌঁছেছি। আশা করি এটি আমাদের দিকে যাবে, একটি ফাইনাল এবং এটি জয়ের জন্য আমরা সামর্থ্যের সবকিছু করব।’








