অপরাধ

দিনাজপুরে শিশুর পায়ুপথে হাওয়া ঢুকিয়ে নির্যাতন

দিনাজপুরে শিশুর পায়ুপথে হাওয়া ঢুকিয়ে নির্যাতন

দিনাজপুরে রাকিব নামক আট বছর বয়সী এক শিশুর পায়ুপথ দিয়ে ভলকানাইজিংয়ের হাওয়া মেশিনের সাহায্যে বাতাস ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে শিশুটির পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। পরে তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত রয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, দিনাজপুরে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের নির্বাচনী এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির চিকিৎসার বিষয়ে বিশেষ নজর রাখতে মন্ত্রী টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমকে নির্দেশ দেন।

মন্ত্রীর নির্দেশনার পর ঢাকা থেকে সরাসরি হাসপাতালে যান ড. হোসনে আরা বেগম। সেখানে তিনি চিকিৎসাধীন শিশুটির শয্যাপাশে অবস্থান করেন এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। এ সময় চিকিৎসকেরা শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে তাকে অবহিত করেন। পরে জানা যায়, শিশুটি আশঙ্কামুক্ত।

টিএমএসএসের পোস্টে আরও বলা হয়, প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবারের শিশুটির চিকিৎসায় মন্ত্রীর বিশেষ উদ্যোগ ও সহযোগিতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

বিষয়:টিএমএসএস ড. হোসনে আরা বেগম ডা. এ জেড এম জাহিদ হোসেন শঙ্কামুক্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…