যুদ্ধ পরিস্থিতিতে এশিয়ান কাপ স্থগিত হয়ে গেল
এএফসি এশিয়ান কাপ ২০২৭ ফুটবল আসর

মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধ পরিস্থিতি। সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে ক্রীড়াঙ্গনেও পড়েছে প্রভাব। ফলে স্থগিত হয়ে গেল এএফসি এশিয়ান কাপ। এশিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তার উদ্বেগের কারণে ২০২৭ সালের নির্ধারিত সময়ে আসর হচ্ছে না।
চার বছর পরপর গড়ায় টুর্নামেন্টটি। আসছে ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল খেলা। আসছে বছরই ২৩ ডিসেম্বর থেকে ২০২৮ সালের ২১ জানুয়ারি পর্যন্ত নতুন সূচি হতে পারে।
মঙ্গলবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এএফসি জানিয়েছে, এই অঞ্চলে বর্তমান পরিস্থিতি, যার মধ্যে উল্লেখযোগ্য লজিস্টিক জটিলতা এবং ভ্রমণ বিঘ্ন অন্তর্ভুক্তির প্রেক্ষিতে জাতীয় দলের প্রধান টুর্নামেন্টটির সময়সূচি পুনঃনির্ধারণ করা হবে। টুর্নামেন্টের নতুন তারিখ অনুমোদনের জন্য ফিফার কাছে উপস্থাপন করা হবে।
গতমাসে এএফসি সভাপতি শেখ সালমান জানিয়েছিলেন, মহাদেশের এ শীর্ষ আন্তর্জাতিক টুর্নামেন্ট পূর্বপরিকল্পনা অনুযায়ী আয়োজনের প্রস্তুতি এখনও চলছে।
সৌদি আরব প্রথমবার এশিয়ান কাপের আয়োজন করছে এবং ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হবে দেশটি।






