বিনোদন

ভারতে মুক্তি পাচ্ছে না পাকিস্তানের ‘জো বাচে হ্যায় সাং সমেইট লো’

ভারতে মুক্তি পাচ্ছে না পাকিস্তানের ‘জো বাচে হ্যায় সাং সমেইট লো’

পাকিস্তানের জনপ্রিয় দুই অভিনেতা ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সমেইট লো’ ভারতে মুক্তি দিচ্ছে না নেটফ্লিক্স। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির দর্শকদের জন্য সিরিজটি আর নেটফ্লিক্সের আসন্ন মুক্তির তালিকায় থাকছে না। 

সিরিজটি ভারতে মুক্তি দেওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্ক চলছে। পাকিস্তানি কনটেন্ট প্রচারের বিষয়ে ভারত সরকারের বিদ্যমান নির্দেশনা মেনে চলার জন্য নেটফ্লিক্সকে স্মরণ করিয়ে দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পাশাপাশি ভারতীয় চলচ্চিত্র সংশ্লিষ্ট কয়েকটি সংগঠনও সিরিজটির মুক্তি ঠেকাতে উদ্যোগ নিয়েছে।

‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর নেটফ্লিক্স ভারতে সিরিজটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় গ্রাহকদের জন্য সিরিজটি আর প্ল্যাটফর্মটির আসন্ন মুক্তির তালিকায় দেখানো হচ্ছে না।

গত ২৪ নভেম্বর সিরিজটির ট্রেলার প্রকাশের পর বিতর্ক আরও জোরালো হয়। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন  (এআইসিডব্লিউএ) এবং ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এম্প্লয়িজ (এফডব্লিউআইসিই) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দিয়ে সিরিজটির মুক্তি বন্ধে হস্তক্ষেপ কামনা করে।

এফডব্লিউআইসিই হুঁশিয়ারি দিয়েছে, ভারতে সিরিজটি মুক্তি দেওয়া হলে আগামী ৫ ডিসেম্বর থেকে নেটফ্লিক্সের বিভিন্ন প্রযোজনায় যুক্ত তাদের সদস্যরা কাজ থেকে সরে দাঁড়াবেন। অন্যদিকে, সিরিজটিতে পাকিস্তানি শিল্পীদের উপস্থিতি নিয়েও আপত্তি জানিয়েছে এআইসিডব্লিউএ।

এর আগে ২০১৫ সালের ৮ মে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশটিতে কার্যক্রম পরিচালনাকারী ওটিটি প্ল্যাটফর্ম, স্ট্রিমিং পরিষেবা এবং ডিজিটাল মাধ্যমগুলোকে পাকিস্তানি উৎসের ওয়েব সিরিজ, চলচ্চিত্র, গান, পডকাস্টসহ অন্যান্য কনটেন্ট প্রচার বন্ধের পরামর্শ দিয়েছিল। পহেলগ্রামে সন্ত্রাসী হামলা এবং পরবর্তী ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে এ নির্দেশনা দেওয়া হয়।

সিরিজটি নির্মিত হয়েছে পাকিস্তানি লেখক ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে। মোমিনা দুরাইদের পরিচালনা ও প্রযোজনায় নির্মিথ রোমান্টিক ঘরানার এই সিরিজে তিন প্রজন্মের ছয়টি প্রেমের গল্প তুলে ধরা হয়েছে।

ফাওয়াদ খান ও মাহিরা খান ছাড়াও এতে অভিনয় করেছেন হানিয়া আমির, আহাদ রাজা মীর, সানাম সাঈদ, ইকরা আজিজ ও হামজা আলী আব্বাসি।

আগামী ৪ ডিসেম্বর ২০২৬ বিশ্বব্যাপী নেটফ্লিক্সে সিরিজটির মুক্তির তারিখ নির্ধারিত রয়েছে। তবে ভারতের দর্শকেরা এটি দেখতে পারবেন না বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। দ্য স্টেটসম্যান

বিষয়:জো বাচে হ্যায় সাং সমেইট লো নেটফ্লিক্স পাকিস্তানি সিরিজ ফাওয়াদ খান মুক্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…