বিনোদন

শুক্রবার চ্যানেল আইতে অপূর্ব-শার্লিন জুটির ‘নীলপরী’

শুক্রবার চ্যানেল আইতে অপূর্ব-শার্লিন জুটির ‘নীলপরী’

প্রায় ছয় বছর পর আবারও জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও শার্লিন ফারজানা।

তাদের নতুন নাটক ‘নীলপরী’ প্রচার হতে যাচ্ছে চ্যানেল আইয়ে। আগামী শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুর ৩টা ৫ মিনিটে দর্শক নাটকটি দেখতে পাবেন।

ইমদাদ বাবুর গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম। দীর্ঘ বিরতির পর এই নাটকের মাধ্যমে আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন অপূর্ব ও শার্লিন।

‘নীলপরী’ প্রসঙ্গে অপূর্ব জানান, নাটকটির গল্প বেশ ‘ক্যাচি’। শুরুতেই দর্শকদের আকৃষ্ট করার মতো নানা উপাদান রয়েছে। তবে একপর্যায়ে গল্প ভিন্ন দিকে মোড় নেবে।

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরে অপূর্বর সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত শার্লিন ফারজানা। অভিনয় থেকে দূরে থাকার অন্যতম কারণ হিসেবে তিনি জানিয়েছেন, কাজের প্রতি আগের সেই ভালো লাগাটি মিস করছিলেন।

অপূর্বর সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে শার্লিন বলেন, অপূর্ব ভাই সহশিল্পীর অভিনয়ের জায়গাগুলোও খেয়াল করেন। প্রয়োজন হলে আরও ভালোভাবে অভিনয় তুলে ধরতে সহযোগিতা করেন। তার প্রতি এতটাই বিশ্বাস রয়েছে যে, অপূর্ব সঙ্গে থাকলে গল্প ও চিত্রনাট্য কেমন, সেটিও নিয়ে নিশ্চিন্ত থাকা যায়।

শুটিংয়ের সময় অপূর্বর মধ্যে কোনো ধরনের ‘সুপারস্টারসুলভ’ আচরণ বা আধিপত্য অনুভব করেন না বলেও জানান শার্লিন।

নাটকটির নির্মাতা মাসরিকুল আলম জানান, ‘নীলপরী’ মূলত এক দম্পতির গল্প। গল্পে দেখা যাবে, তাদের সন্তান হয় না। এমন পরিস্থিতিতে স্বামী কীভাবে স্ত্রীকে মানসিকভাবে সমর্থন দেন, সেটিই উঠে আসবে। পাশাপাশি গল্পে রয়েছে শিক্ষণীয় বার্তা এবং একজন আদর্শ স্বামীর গুণাবলি।

অপূর্ব ও শার্লিন ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন মিলি বাসার, আমিনুল ইসলাম বাব্বু, মানতাহা, দিশাসহ আরও অনেকে।

বিষয়:অপূর্ব চ্যানেল আই নাটক মাসরিকুল আলম শার্লিন ফারজানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…