স্যাটায়ার

ঘুষ যখন গিফট, দুর্নীতি তখন সৌজন্য

ঘুষ যখন গিফট, দুর্নীতি তখন সৌজন্য

কাল্পনিক স্কেচ: এআই

বাংলা ভাষা বড়ই বিচিত্র। এই ভাষায় একই জিনিসের ডাক নাম বদলে দিলেই তার চরিত্রও বদলে যায়। যেমন চুরি করলে চোর, কিন্তু বড় অঙ্কের টাকা সরিয়ে ফেললে অর্থনৈতিক অনিয়ম। মিথ্যা বললে মিথ্যাবাদী, কিন্তু গুরুত্বপূর্ণ পদে থেকে মিথ্যা বললে কৌশলী বক্তব্য। আর ঘুষ নিলে দুর্নীতিবাজ, কিন্তু সেই ঘুষের নাম গিফট হলে তিনি হয়ে যান সামাজিক, ভদ্র, সংস্কৃতিমনা এবং উপহারপ্রিয় মানুষ।

একসময় ঘুষ ছিল অত্যন্ত লজ্জার বস্তু। ঘুষদাতা লজ্জা পেতেন, ঘুষগ্রহীতা আরও বেশি লজ্জা পেতেন। ফলে পুরো লেনদেনটা হতো গোপনে। এখন সভ্যতার উন্নতি হয়েছে। ঘুষের গায়ে নতুন জামা পরানো হয়েছে। তার নাম দেওয়া হয়েছে গিফট বা উপহার।

ঘুষ শব্দটি বাংলা, গিফট ইংরেজি। বাঙালির ইংরেজিপ্রীতি এত প্রবল যে ইংরেজি নাম শুনলেই অনেক পাপেরও পুণ্যলাভ ঘটে।

একজন ভদ্রলোক বললেন, ‘আমি জীবনে কারও কাছ থেকে ঘুষ নিইনি।’
প্রশ্ন করা হলো, ‘তাহলে আপনার বাড়ির সামনে তিনটি গাড়ি?’
তিনি বিরক্ত হয়ে বললেন, ‘ওগুলো গিফট।’
‘পাঁচতলা বাড়িটা?’
‘ভালোবাসার নিদর্শন।’
‘বিদেশে ছেলেমেয়ের পড়াশোনার খরচ?’
‘শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা।’
‘ব্যাংকে কয়েকশ কোটি টাকা?’
‘মানুষের দোয়া।’

বোঝা গেল, ভদ্রলোক ঘুষ খান না। তিনি কেবল ভালোবাসা, সহযোগিতা, শুভেচ্ছা আর দোয়া গ্রহণ করেন। দোয়ার পরিমাণ বেশি হলে ব্যাংকে জায়গা লাগে।

ঘুষের সঙ্গে গিফটের পার্থক্য অবশ্য আছে। ঘুষ সাধারণত দেওয়া হয় কাজ হওয়ার আগে। গিফট দেওয়া হয় কাজ হওয়ার পরে। তবে আধুনিক ব্যবস্থায় এই নিয়মও বদলে গেছে। এখন আগাম গিফট দেওয়া হয়, যাতে পরবর্তী সময়ে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ সৃষ্টি হয়।

এক পরিচিত বড় কর্মকর্তা, নাম ধরা যাক, নীতিবান সাহেব। তিনি অত্যন্ত সৎ মানুষ। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলেন, ‘আমি ঘুষের বিরুদ্ধে আপসহীন।’
তার অফিসের দরজায় বড় করে লেখা: ‘ঘুষ দেওয়া ও নেওয়া দণ্ডনীয় অপরাধ।’
নিচে ছোট অক্ষরে কেউ একজন লিখে দিয়েছে: ‘উপহার গ্রহণের বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।’

একদিন এক ঠিকাদার তার কাছে এলেন।
‘স্যার, এই ছোট্ট উপহারটা রাখুন।’
‘কী আছে?’
‘সামান্য একটা আঙটি।’
‘দাম কত?’
‘মাত্র দশ লাখ।’
‘দশ লাখ টাকার আঙটি সামান্য হয় কী করে?’
‘স্যার, আপনার মূল্যবান সময়ের তুলনায় এটা কিছুই না।’

যুক্তি শুনে নীতিবান সাহেব অভিভূত হলেন। এমন গভীর দর্শন তিনি বিশ্ববিদ্যালয়েও শোনেননি। আঙটিটি গ্রহণ করে বললেন, ‘আমি ব্যক্তিগতভাবে উপহার নেওয়ার বিরোধী। তবে আপনার অনুভূতিতে আঘাত দিতে চাই না।’

আমাদের সমাজে অনুভূতি অত্যন্ত মূল্যবান জিনিস। কারও অনুভূতিতে আঘাত দেওয়া চলে না। বিশেষত অনুভূতিটি যদি দামি বাক্সে ভরে আসে।

একসময় উপহার বলতে বোঝাত বই, ফুল, মিষ্টি কিংবা একটি কলম। এখন উপহার বলতে ফ্ল্যাট, গাড়ি, বিদেশভ্রমণ, দামি ঘড়ি এমনকি ব্যবসাপ্রতিষ্ঠানের শেয়ারও বোঝায়।

সভ্যতা যত এগিয়েছে, উপহারের ওজন তত বেড়েছে।

আগে মানুষ ভালোবেসে গোলাপ দিত। এখন ভালোবেসে প্লট দেয়। গোলাপ শুকিয়ে যায়, প্লটের দাম বাড়ে। কাজেই আধুনিক ভালোবাসা অনেক বেশি টেকসই।

বাঙালি ঘুষকে শুধু আধুনিক করেনি, আধ্যাত্মিকও করেছে।

এক অফিসে এক ব্যক্তি ফাইল নিয়ে মাসের পর মাস ঘুরছেন। তার কাজ হচ্ছে না। অবশেষে এক অভিজ্ঞ লোক পরামর্শ দিলেন, ‘আপনার ফাইলে একটু বরকত দিন।’
ভদ্রলোক অবাক, ‘বরকত কীভাবে দেব?’
‘খামের মধ্যে কিছু রাখুন।’
‘কী রাখব?’
‘যা রাখলে ফাইলের গতি বাড়ে।’

ভদ্রলোক পরদিন একটি খামে টাকা ভরে দিলেন। আশ্চর্য! এতদিন যে ফাইলটি মৃত মানুষের মতো পড়ে ছিল, সেটি হঠাৎ জীবিত হয়ে উঠল। এক টেবিল থেকে আরেক টেবিলে দৌড়াতে লাগল।

তিনি বুঝলেন, অফিসের ফাইলেরও প্রাণ আছে। শুধু প্রাণসঞ্চারের জন্য বিশেষ ভিটামিন প্রয়োজন।

পৃথিবীতে বহু ধরনের জ্বালানি আছে: পেট্রল, ডিজেল, গ্যাস, বিদ্যুৎ। আমাদের কিছু অফিসে আরেক ধরনের জ্বালানি আবিষ্কৃত হয়েছে। নাম তার উৎকোচ শক্তি।

এ শক্তিতে গাড়ি চলে না, কিন্তু ফাইল চলে। সিঁড়ি বেয়ে মানুষ ওঠে না, কিন্তু সিদ্ধান্ত ওপরে ওঠে। কাগজে সই হয়, অনুমোদন আসে, দরজা খুলে যায়।

আর এ শক্তির সবচেয়ে বড় বৈশিষ্ট্য: এটি পরিবেশবান্ধব না হলেও পরিবেশকে নীরব রাখে।

তাই বাংলা একাডেমির উচিত ঘুষ ও গিফটের নতুন অভিধান তৈরি করা।

সেখানে লেখা থাকবে:
ঘুষ: গরিব মানুষের দেওয়া অবৈধ অর্থ।
গিফট: ধনী মানুষের দেওয়া সম্মানসূচক সামগ্রী।
সম্মানী: কাজের চেয়ে সম্পর্ককে গুরুত্ব দেওয়ার আর্থিক স্বীকৃতি।
সৌজন্য উপহার: যে উপহার গ্রহণের পর সংশ্লিষ্ট ব্যক্তির সিদ্ধান্ত আশ্চর্যজনকভাবে বদলে যায়।
শুভেচ্ছা: কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে বিনিয়োগ।
কৃতজ্ঞতা: কাজ হয়ে যাওয়ার পর দেওয়া চূড়ান্ত কিস্তি।

অবশ্য অভিধানটি প্রকাশের আগে বিশেষজ্ঞ কমিটি গঠন করতে হবে। কমিটির সদস্য নির্বাচন নিয়ে বিতর্ক উঠতে পারে। কারণ উপহার বিষয়ে যাদের অভিজ্ঞতা বেশি, তাদের অনেকেই নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করতে চান না।

বাংলা ব্যঙ্গসাহিত্যে আবুল মনসুর আহমদ এক অসাধারণ নাম। তার আয়না ও ফুড কনফারেন্স সমাজের ভণ্ডামি, সুবিধাবাদী নেতৃত্ব এবং মানুষের দুর্দশাকে পুঁজি করে স্বার্থ হাসিলের প্রবণতা উন্মোচন করেছে।

বিশেষত ফুড কনফারেন্স, রিলিফ ওয়ার্ক ও লঙ্গরখানা গল্পে অসহায় মানুষের জন্য নেওয়া উদ্যোগ কীভাবে স্বার্থপরতা ও লোকদেখানো কর্মকাণ্ডে পরিণত হতে পারে, তার তীক্ষ্ণ ব্যঙ্গ রয়েছে।

আজ তিনি বেঁচে থাকলে হয়তো দেখতেন, পুরোনো ভণ্ডামি এখন ডিজিটাল হয়েছে। আগে মানুষ দুর্নীতি ঢাকতে পর্দা ব্যবহার করত, এখন ব্যবহার করে ইংরেজি শব্দ।

আবুল মনসুর আহমদের মতো ব্যঙ্গকাররা সমাজের সামনে আয়না ধরেছিলেন। আমাদের এখনকার সমস্যা হলো, আয়নায় নিজের মুখ দেখে আমরা লজ্জা পাই না। বরং আয়নার দাম জানতে চাই। দাম ভালো হলে আয়নাটিও গিফট হিসেবে গ্রহণ করতে আপত্তি নেই।

মনে রাখুন আসহাবউদ্দীন আহমদ ‘ঘুষ’ (১৯৮৬) নামে একটি বই-ই লিখে ফেলেছেন। আজ তাকে বড্ড মনে পড়ে।

ঘুষের একটা বড় অসুবিধা হলো, এতে শ্রেণিবৈষম্য প্রকট হয়ে ওঠে।

একজন দরিদ্র মানুষ অফিসে গিয়ে পাঁচশ টাকা দিলে সেটা ঘুষ। একজন বিত্তবান ব্যক্তি দামি গাড়ি উপহার দিলে সেটা সৌজন্য।

দরিদ্র লোকটি ধরা পড়লে পুলিশ আসে। ধনী লোকটি উপহার দিলে ফটোগ্রাফার আসে।

প্রথমজনের বিরুদ্ধে মামলা হয়। দ্বিতীয়জনের ছবি পত্রিকায় ছাপা হয়।

একজনের টাকার নাম অবৈধ লেনদেন। অন্যজনের টাকার নাম সম্পর্কোন্নয়ন।

এ কারণেই অনেকে বলেন, অর্থই অনর্থের মূল। তবে অর্থ যথেষ্ট পরিমাণে থাকলে অনেক অনর্থকে অর্থপূর্ণ করে তোলা যায়।

এক বন্ধু বললেন, ‘ঘুষেরও একটা নৈতিক সীমা থাকা উচিত।’
‘নৈতিক সীমা কী?’
বন্ধু বললেন, ‘যে পরিমাণ গ্রহণ করলে বিবেক অস্বস্তি বোধ করে, তার বেশি গ্রহণ করা উচিত নয়।’
‘তাহলে বড় বড় গিফট?’
‘তাদের বিবেকের ধারণক্ষমতা বেশি।’

বোঝা গেল মানুষের হৃদয় যেমন বড় হয়, বিবেকও তেমনি সম্প্রসারণশীল। কারও বিবেকে পাঁচশ টাকা ধরে না, আবার কারও বিবেকে পাঁচ কোটি টাকা অনায়াসে জায়গা করে নেয়।

আমরা আসলে এক আশ্চর্য যুগে বাস করছি। এই যুগে মানুষের চরিত্র বদলানোর চেয়ে শব্দ বদলানো সহজ।

ঘুষের নাম গিফট, তদবিরের নাম সুপারিশ, স্বজনপ্রীতির নাম আস্থা, প্রভাব খাটানোর নাম যোগাযোগ, আর অন্যায় সুবিধার নাম বিশেষ বিবেচনা।

শব্দের এই মহাবিপ্লবের ফলে সমাজে ঘুষ একদিন সত্যিই বিলুপ্ত হতে পারে। তবে ঘুষের বিলুপ্তি ঘটবে অভিধান থেকে, বাস্তব জীবন থেকে নয়।

একদিন হয়তো সরকার ঘোষণা করবে, ‘দেশ এখন ঘুষমুক্ত।’
সাংবাদিকেরা জানতে চাইবেন, ‘কীভাবে সম্ভব হলো?’
কর্তা মহোদয় বলবেন, ‘আমরা ঘুষ শব্দটি ব্যবহার নিষিদ্ধ করেছি। এখন সবাই গিফট গ্রহণ করেন।’

সেদিন জাতীয় পর্যায়ে উদ্‌যাপিত হবে ‘ঘুষমুক্ত দিবস’।

অনুষ্ঠানে প্রধান অতিথিকে দেওয়া হবে একটি বিলাসবহুল গাড়ি। অনুষ্ঠানের সভাপতি পাবেন একটি ফ্ল্যাট। বিশেষ অতিথিদের জন্য থাকবে দামি উপহার।

বিষয়:গিফট ঘুষ দুর্নীতি পুলিশ মন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…