কুসংস্কার ও অভাব পেছনে ফেলে বিশ্বমঞ্চের পথে ঠাকুরগাঁওয়ের অদম্য কন্যারা

সমাজের কটূক্তি, কুসংস্কার আর অভাব-অনটন-কোনো বাধাই তাদের মাঠের পথ আটকে রাখতে পারেনি। ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর উচ্চবিদ্যালয়ের মেয়েরা পড়াশোনার পাশাপাশি হকি, রাগবি, বাস্কেটবল, আর্চারি, খো-খো, উশু ও অ্যাথলেটিকসে নিজেদের দক্ষতার পরিচয় দিচ্ছে। কেউ খেলেছে জাতীয় পর্যায়ে, কেউ পেয়েছে বিদেশের মাটিতে খেলার সুযোগ। তাদের চোখে এখন আরও বড় স্বপ্ন-একদিন জাতীয় দলের জার্সি গায়ে দেশের পতাকা তুলে ধরবে বিশ্বমঞ্চে।
তবে এই পথচলা সহজ ছিল না। মেয়েদের মাঠে নামা নিয়ে আপত্তি ছিল সমাজের অনেকের। জার্সি পরে খেলতে গেলে শুনতে হয়েছে নানা কটূক্তি। অভাবের সংসারে খেলার পোশাক ও সরঞ্জাম কেনার সামর্থ্য ছিল না অনেক পরিবারের। কারও কারও খেলোয়াড় হয়ে ওঠার স্বপ্ন থেমে গেছে বাল্যবিয়ের কারণে। এসব বাধার মধ্যেও মেয়েদের মাঠে ধরে রেখেছেন বিদ্যালয়ের শরীরচর্চার শিক্ষক আবু ইয়াসিন মোহাম্মদ মাসুদ রানা।
২০১০ সালে সালন্দর উচ্চবিদ্যালয়ে যোগ দেন মাসুদ রানা। তখন মাঠে ছেলেরা খেললেও মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ ছিল না। মেয়েদের আগ্রহ দেখে ২০১২ সালে তাদের হকিতে যুক্ত করার উদ্যোগ নেন তিনি। এ জন্য বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বোঝাতে হয়েছে। সামাজিক বাধা ও নানা আপত্তি মোকাবিলা করে মেয়েদের মাঠে আনা ছিল বড় চ্যালেঞ্জ।
মাসুদ রানা জানান, মেয়েরা জার্সি পরে মাঠে নামলে অনেকে কটূক্তি করত। কেউ কেউ অভিভাবকদের বলত, ‘মেয়ে বড় হয়ে যাচ্ছে, খেলতে দিচ্ছিস কেন?’ আবার অনেকের ধারণা ছিল, মেয়েদের খেলাধুলা করলে পড়াশোনা ও ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। এর পাশাপাশি বাল্যবিয়ের কারণে সম্ভাবনাময় অনেক খেলোয়াড়কে মাঠ ছাড়তে হয়েছে। দরিদ্র পরিবারের মেয়েদের খেলার পোশাক ও সরঞ্জাম জোগাড় করাও ছিল কঠিন। তাই প্রশিক্ষণের পাশাপাশি মেয়েদের মানসিকভাবে সাহস জোগানো এবং অভিভাবকদের বোঝানোর কাজও করতে হয়েছে তাকে।
জাতীয় পর্যায়ে সালন্দরের মেয়েরা দীর্ঘদিনের চেষ্টায় এখন সালন্দর উচ্চবিদ্যালয় খেলাধুলায় পরিচিত নাম। জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে বিদ্যালয়টি। মাসুদ রানার দেওয়া তথ্য অনুযায়ী, তার প্রশিক্ষণে প্রায় ১৬ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে খেলেছে। একসময় বাংলাদেশ জাতীয় নারী হকি দলের স্কোয়াডে একই সঙ্গে সালন্দরের সাতজন মেয়েও ছিল। হকির পাশাপাশি রাগবি, বাস্কেটবল, খো-খো, আর্চারি, উশু ও অ্যাথলেটিকসেও সাফল্য পেয়েছে শিক্ষার্থীরা। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, চীন ও কোরিয়াসহ বিভিন্ন দেশে খেলার সুযোগ হয়েছে কয়েকজনের। প্রতি বছর দু-তিনজন শিক্ষার্থী বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির সুযোগ পায়। বর্তমানে হকিতে বিকেএসপিতে পড়ছে বিদ্যালয়ের প্রায় এক ডজন শিক্ষার্থী।
বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আন্নিকা আক্তারের বাড়ি আলিনগরে। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় খেলাধুলা শুরু করে সে। এখন তার স্বপ্ন বড় খেলোয়াড় হওয়া। আন্নিকা বলে, ‘খেলাধুলা করে অনেক বড় হব। বাপ-মায়ের নাম উজ্জ্বল করব।’ খেলাধুলায় এগিয়ে যাওয়ার পেছনে শরীরচর্চার শিক্ষক মাসুদ রানা স্যারের সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করে সে।

নবম শ্রেণির শিক্ষার্থী রেখামনি আক্তার ষষ্ঠ শ্রেণি থেকে হকি খেলছে। তার বাবা কৃষক, মা গৃহিণী। ঢাকার ভাসানী ও বিকেএসপিতে প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিয়েছে সে। জাতীয় পর্যায়ের ক্যাম্পেও ছিল। রেখামনি বলে, ‘আমাদের পড়াশোনার দিক দিয়ে সালন্দর উচ্চবিদ্যালয়কে তেমনভাবে কেউ চিনে না। কিন্তু খেলাধুলার মাধ্যমে সবাই চিনে। ন্যাশনাল পর্যায়েও খেলতে যায়।’ খেলাধুলা মেয়েদের জন্য ভালো নয়, জীবন নষ্ট হয়ে যায়—এমন কটূক্তিও শুনতে হয়েছে তাকে। তবে এসব কথায় দমে যেতে চায় না সে। রেখামনির ভাষায়, ‘ওরা বুঝবে না যে খেলাধুলা করে আমাদের কতটা সুবিধা। নিজেকে গড়ে তুলতে পারব।’ তার স্বপ্ন জাতীয় দলে খেলা এবং দেশের নাম উজ্জ্বল করা। প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিয়ে যে হাতখরচ পায়, তা দিয়ে পরিবারের প্রয়োজনেও সহায়তা করে সে।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাসমিনা আক্তার তিশা এক বছর ধরে হকি খেলছে। তার বাবা কৃষক। হকিই তার প্রিয় খেলা। একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মোসাম্মৎ মিতু আক্তারও মাসুদ রানা স্যারের উৎসাহে খেলাধুলায় এসেছে।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোসাম্মৎ আলফা জাহান মিম এ বছর হকি শুরু করেছে। তার বাড়ি মাদারগঞ্জে। বাবা কৃষিকাজের পাশাপাশি ব্যবসা করেন। মেয়ের খেলাধুলায় আপত্তি নেই তার, তবে পড়াশোনা ঠিক রাখার শর্ত দিয়েছেন। আলফা বলে, ‘ওরা কি বুঝবে যে আমি আমার জীবনকে কীভাবে গড়ব। বাবার পাশে দাঁড়াতে হবে। যেভাবে হোক দুটোই চালিয়ে যেতে চাই।’
ষষ্ঠ শ্রেণির মোসাম্মৎ আরিজু আক্তার মিমের বাবা ঢাকায় বাস চালান। মা তাকে খেলাধুলায় উৎসাহ দেন। তবে খেলাধুলা করলে পড়াশোনায় ঘাটতি হবে—এমন কথাও শুনতে হয় তাকে। আরিজুর বিশ্বাস, পড়াশোনা ও খেলাধুলা পাশাপাশি চালানো সম্ভব। সপ্তম শ্রেণির মোসাম্মৎ সামিয়া আক্তারও জাতীয় দলে খেলার স্বপ্ন দেখে। দেশ-বিদেশে খেলে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে চায় সে।

সালন্দর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল আলম বলেন, শিক্ষার্থীদের খেলাধুলায় এগিয়ে নিতে শরীরচর্চার শিক্ষক মাসুদ রানা অক্লান্ত পরিশ্রম করেন। বিদ্যালয় কর্তৃপক্ষও তাদের পাশে থাকার চেষ্টা করে। আর্থিক বিষয় বিবেচনা করে শিক্ষার্থীদের সহযোগিতা করা হয়। খেলাধুলার জন্য বাইরে থাকায় যারা নিয়মিত ক্লাস করতে পারে না, তাদের ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রেও বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। প্রধান শিক্ষক আরও বলেন, ‘অভিভাবকেরাও সহযোগিতা করেন। সব মিলিয়ে আমরা অন্যান্য স্কুলের চেয়ে অনেক ভালো। জাতীয় দল ও বিভিন্ন দেশে তারা খেলে এসেছে। আমাদের সুনাম সারা বাংলাদেশে।’
বিদ্যালয়েটিতে বর্তমানে মোট শিক্ষার্থী ৯৫৫ জন। প্রধান শিক্ষকের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৩২ জন মেয়ে ও ৪০ জন ছেলে বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়।
একসময় মেয়েদের মাঠে পাঠাতে যেসব অভিভাবকের আপত্তি ছিল, তাদের অনেকের দৃষ্টিভঙ্গিও বদলেছে। মেয়েদের জাতীয় পর্যায়ের সাফল্য এবং বিদেশে খেলার সুযোগ পাওয়ার পর পরিবার ও এলাকাবাসীর মধ্যে তাদের নিয়ে গর্ব তৈরি হয়েছে। হকি ফেডারেশনের প্রশিক্ষণ ক্যাম্প এবং জাতীয় ক্রীড়া পরিষদের সহায়তাও খেলোয়াড়দের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে।
মাসুদ রানার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দুই-তিনজন শিক্ষার্থী সরকারের ক্রীড়া ভাতা পাচ্ছে। তাদের কারও কারও মাসিক ভাতার পরিমাণ প্রায় এক লাখ টাকা পর্যন্ত। দরিদ্র পরিবারের এসব মেয়ের কাছে এই অর্থ শুধু ব্যক্তিগত প্রাপ্তি নয়, পরিবারের পাশে দাঁড়ানোরও সুযোগ।
মাসুদ রানার মূল লক্ষ্য শুধু ভালো খেলোয়াড় তৈরি করা নয়; দরিদ্র পরিবারের মেয়েদের আত্মনির্ভরশীল করে তোলা। তিনি চান, তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় এগিয়ে গিয়ে নিজেদের জীবন গড়ে তুলুক, পরিবারকে সহযোগিতা করুক এবং দেশের জন্য সুনাম বয়ে আনুক।
সালন্দর উচ্চবিদ্যালয়ের মাঠে প্রতিদিনের অনুশীলন তাই কেবল খেলোয়াড় তৈরির আয়োজন নয়। যে মেয়েদের একসময় মাঠে নামতেই শুনতে হতো কটূক্তি, তারাই এখন জাতীয় দলের স্বপ্ন দেখছে। তাদের সেই স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে একটি গ্রামের বদলে যাওয়ার গল্প!





