ভুটানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথমটিতে পিছিয়ে পড়লেও ৫-১ গোলের দাপুটে জয় পেয়েছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। দ্বিতীয়টিতে দুই গোলে পিছিয়ে পড়েছিল সাবিনা খাতুনের দল। পরে ঘুরে দাঁড়িয়ে স্বাগতিকদের ৪-২ গোলে হারিয়েছে লাল-সবুজের দল।
শনিবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় গড়ায় মাঠের লড়াই। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন ঋতুপর্ণা চাকমা। বাকী গোল দুটি করেন সাবিনা খাতুন ও মোসাম্মৎ সাগরিকা। স্বাগতিকদের গোল দুটি আসে ডেকি লাজোমের পা থেকে।
খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ১৫ মিনিটে ভুটানকে এগিয়ে নেন ডেকি লাজোম। ৭ মিনিট পরই নিজের জোড়া গোল করেন ভুটান ফরোয়ার্ড। প্রথমার্ধের আগেই সমতায় ফেরে বাংলাদেশ। ৩৫ মিনিটে সাবিনা খাতুন ব্যবধান কমান। ৫ মিনিট পরিই সাগরিকা বাঘিনিদের সমতায় ফেরান।
বিরতির পর লিড আদায় করে নেয় বাংলাদেশ। ৬২ মিনিটে ঋতুপর্ণার আড়াআড়ি শট প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে লেগে জালে জড়ায়। এরপর ৮৬ মিনিটে কর্না থেকে উড়ে আসা বল জালে পাঠিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন ঋতুপর্ণা।







