নবীজির রওজা জিয়ারতে নতুন সময়সূচি
অনুমতি নিতে হবে নুসুক অ্যাপে

ছবি: সংগৃহীত।
সৌদি আরবের মদিনায় মসজিদে নববির পবিত্র রওজা শরিফ (রিয়াজুল জান্নাহ) জিয়ারতের নতুন সময়সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
সম্প্রতি মসজিদে নববির পরিচালনা ও তত্ত্বাবধান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সময়সূচি প্রকাশ করে।
নতুন সূচি অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার পুরুষরা রাত ২টা থেকে ফজরের নামাজ পর্যন্ত এবং সকাল ১১টা ২০ মিনিট থেকে এশার নামাজ পর্যন্ত রওজা শরিফ জিয়ারত করতে পারবেন। শুক্রবার পুরুষদের জন্য রাত ২টা থেকে ফজর পর্যন্ত এবং সকাল ৯টা থেকে এশার নামাজ পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, শনিবার থেকে বৃহস্পতিবার নারীরা ফজরের নামাজের পর থেকে সকাল ১১টা পর্যন্ত এবং এশার নামাজের পর থেকে রাত ২টা পর্যন্ত জিয়ারত করতে পারবেন। শুক্রবার নারীদের জন্য ফজরের নামাজের পর থেকে সকাল ৯টা পর্যন্ত এবং এশার নামাজের পর থেকে রাত ২টা পর্যন্ত সময় রাখা হয়েছে।
নতুন সূচিতে, নারী ও পুরুষের জন্য পৃথক সময় নির্ধারণের পাশাপাশি প্রবেশের অনুমতিপত্র সংগ্রহের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে রওজা শরিফে প্রবেশের জন্য নুসুক (Nusuk) অ্যাপের মাধ্যমে অনুমতিপত্র নেওয়ার নিয়ম চালু করা হয়েছে। নতুন নিয়মে প্রতি ৩৬৫ দিনে একজন ব্যক্তি একবার এ অনুমতি নিতে পারবেন।
তবে মসজিদে নববির আশপাশে অবস্থানরত ব্যক্তিদের ভৌগোলিক অবস্থান যাচাই করে তাৎক্ষণিক প্রবেশের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রেও বছরে একবার অনুমতি নেওয়ার নিয়ম প্রযোজ্য হবে।
এ ছাড়া বয়স্ক ও চলাচলে অক্ষম ব্যক্তিদের জন্য হুইলচেয়ার ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। এ সুবিধা নিতে হলে নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





