মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা তিন জয়ে টেবিলে শীর্ষ ধরে রেখেছে বাংলাদেশ। পঞ্চম ম্যাচে পাকিস্তানের মেয়েদের গোলবন্যায় ভাসিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা, ৯-১ গোলের বড় জয় তুলেছে। এপর্যন্ত ১০ গোল করে আসরে সর্বোচ্চ গোলদাতা এখন সাবিনা খাতুন।
ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে ৪ গোল করেছেন সাবিনা, জোড়া গোল করেছেন কৃষ্ণারাণী সরকার এবং নৌশিন জাহান। একটি গোল করেছেন নিলুফা ইয়াসমিন নিলা। পাকিস্তানের একমাত্র গোলটি করেন আনমল হিরা।
ম্যাচের অষ্টম মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন সাবিনা। দুমিনিটের মাথায় ব্যবধান দিগুণ করেন নিলুফা, দ্রুতই তৃতীয় গোলটি করেন নৌশিন। ১২ মিনিটে নৌশিনের দ্বিতীয় গোলে ৪-০তে এগিয়ে যায় বাংলাদেশ। ১৬ মিনিটে পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন সাবিনা। দ্রুতই পরের গোলটি করে কৃষ্ণা ৬-০ ব্যবধান বানিয়ে বিরতিতে যান।
দ্বিতীয়ার্ধে ৩২ মিনিটে সপ্তম এবং নিজের দ্বিতীয় গোলটি করেন কৃষ্ণা। ৩৩ মিনিটে আনমল গোল করলে ব্যবধান কিছুটা কমায় পাকিস্তান। ৩৪ মিনিটে ব্যবধান আবারও বাড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিন। ৪০ মিনিটে করেন নিজের চতুর্থ গোলটি। ৯-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সাইদ খোদারাহমির শিষ্যরা।








