ফুটবলে স্বপ্ন বুনছে চা-বাগানের কিশোরীরা, পাশে উপজেলা প্রশাসন

শ্রীমঙ্গলের চা-বাগান ও আশপাশের এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং চা-শ্রমিক পরিবারের কিশোরীদের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ বাড়ছে। হরিণছড়া, খেজুরীছড়া ও ডিনস্টন চা-বাগানের (ডিভিশন) কিশোরীরা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছে। তবে প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জামের অভাব ও আর্থিক সীমাবদ্ধতা তাদের খেলাধুলা চালিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল।
এবার সেই বাধা দূর করতে এগিয়ে এসেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। কিশোরী ফুটবলারদের চাহিদার ভিত্তিতে সোমবার ২৩ জনের হাতে তুলে দেওয়া হয়েছে ফুটবল বুট, জার্সি, প্যান্ট ও মোজা।

শুধু খেলাধুলা নয়, আর্থিক ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া পাঁচ কিশোরীর শিক্ষাজীবনও পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করে তাদের দ্রুত শ্রেণিকক্ষে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এর আগে সাতগাঁও চা-বাগান ও আশপাশের এলাকার প্রায় ৬০ জন তরুণ-তরুণীকে ক্রীড়া সরঞ্জাম ও জার্সি দেওয়া হয়। পাশাপাশি সাতগাঁও চা-বাগান এলাকায় খেলার মাঠে গোলবার স্থাপন করে স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন মাঠেও বিতরণ করা হয়েছে ক্রীড়া সামগ্রী।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সুস্থ সমাজ গঠনের অন্যতম হাতিয়ার। মাঠ সংস্কার, খেলোয়াড়দের উৎসাহিত করা এবং প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম সরবরাহসহ নানা উদ্যোগের মাধ্যমে শ্রীমঙ্গলের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে উপজেলা প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে শ্রীমঙ্গলের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়াই এ উদ্যোগের লক্ষ্য।





