অ্যাভেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজির পঞ্চম ছবির নাম এবং মূল ভিলেনের নাম ঘোষণা করেছে মার্ভেল। আর ভিলেনের নামেই আছে আসল চমক!
অ্যাভেঞ্জার্স: ডুমসডে নামের এই ছবিটি পরিচালনা করবেন জো রুশো এবং অ্যান্থনি রুশো। ছবিতে মূল ভিলেন হিসেবে থাকছেন রবার্ট ডাউনি জুনিয়র। তার চরিত্রের নাম ভিক্টর ভন ডুম, যা ডক্টর ডুম নামে পরিচিত। এই ফ্যান্টাস্টিক ফোর ভিলেনের চরিত্রে এর আগে দেখা গিয়েছিল টবি কেবেলকে।
তুখোড় বুদ্ধিমান কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন ডক্টর ডুম। তার সবচেয়ে ভয়ানক অস্ত্র হলো তার মেধা। পৃথিবীতে তার মতো বুদ্ধিমত্তা খুব কম মানুষের আছে। মেধা দিয়ে তিনি অ্যাডভান্সড টেকনোলোজি ব্যবহার করে ঐশ্বরিক শক্তিধর হয়ে ওঠেন। তাকে টেক্কা দেয়ার সাহস বা ক্ষমতা নেই কারও।
মার্ভেলের সর্বাধিক জনপ্রিয় ও প্রভাবশালী ফ্র্যাঞ্চাইজি ‘আয়রনম্যান’ হিসেবে আর ফিরছেন না হলিউড সুপারস্টার রবার্ট ডাউনি জুনিয়র। ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’-এ টনি স্টার্কের চরিত্রের মৃত্যু হয়েছে।
রবার্ট ডাউনি জুনিয়র জানিয়েছিলেন তিনি মার্ভেলে ফিরবেন, তবে ডক্টর ডুম চরিত্রে তার ফেরা দেখে অবাক হয়েছেন ভক্তরা। কমিক-কন স্টেজ-এ দাঁড়িয়ে রবার্ট ডাউনি জুনিয়র দর্শকদের বলেন, ‘একই মাস্ক, ভিন্ন কাজ।’
মার্ভেল স্টুডিওজের তরফ থেকে অ্যাভেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ ছবির নামও জানানো হয়েছে যা আসবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র পরে। এটির নাম ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস







