বিনোদন

‘টাকা চাইলে নিয়ে যাক, শিডিউলও দিতে প্রস্তুত’: আইনি নোটিশ নিয়ে রাজ

‘টাকা চাইলে নিয়ে যাক, শিডিউলও দিতে প্রস্তুত’: আইনি নোটিশ নিয়ে রাজ

‘ঠিকানা’ সিনেমাকে কেন্দ্র করে প্রযোজক শাহরিন আক্তারের সঙ্গে বিরোধে জড়িয়েছেন অভিনেতা শরিফুল রাজ। চুক্তির শর্ত ভঙ্গ, এক্সক্লুসিভিটি চুক্তি লঙ্ঘন ও আর্থিক ক্ষতির অভিযোগে সম্প্রতি রাজকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আইনি নোটিশ পাঠান প্রযোজক। এবার সেই নোটিশের বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন অভিনেতা।

শরিফুল রাজের দাবি, প্রযোজকপক্ষ তার কাছে ঠিক কী চায়, তা নিয়েই বিভ্রান্তি তৈরি হয়েছে। কখনো অর্থ পরিশোধ, আবার কখনো শিডিউল দেওয়ার বিষয়টি সামনে আনা হচ্ছে। তবে প্রয়োজন হলে টাকা কিংবা শিডিউল, দুটিই দিতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

আইনি নোটিশ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে রাজ বলেন, ‘একবার বলে টাকার কথা, আমি নাকি টাকা দিচ্ছি না। আবার বলে শিডিউলের কথা। তারা আসলে কী চায়? টাকা চাইলে নিয়ে যাক। আর যদি শিডিউল চায়, সেটা তো অবশ্যই দেব। আমি তো সিনেমা করতে এসেছি। আমার দীর্ঘ ক্যারিয়ারে টাকা নিয়ে শিডিউল দেইনি, এমন কেউ বলতে পারবে না। আমি সব সময় সিনেমাই করব।’

ঈদে ‘ঠিকানা’ মুক্তি এবং অন্য সিনেমায় কাজ করা নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন রাজ। তার ভাষ্য, ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও চুক্তিতে অন্য কোনো সিনেমায় কাজ করা যাবে না, এমন শর্ত ছিল না। বরং প্রযোজকের পাঠানো আইনি নোটিশেই ছবিটি ঈদের পর মুক্তির কথা উল্লেখ রয়েছে বলে দাবি তার।

এ প্রসঙ্গে রাজ বলেন, ‘সিনেমাটি ঈদেই আসবে। আর কোনো সিনেমা করা যাবে না, বিষয়টা এমন নয়। তাদের ইচ্ছা ঈদে মুক্তি দেবে, ওকে। কিন্তু অন্য কোনো সিনেমা করা যাবে না, এটা তো চুক্তিতে নেই। আবার তাদের সিনেমা ঈদে আসবে, এটাও তো নয়। সেটা নোটিশেই ঈদের পরে মুক্তির কথা উল্লেখ রয়েছে। আমরা সেভাবেই কাজটি করতে পারতাম। কিন্তু পেশাগত জায়গায় শিডিউলের জন্য এমন অভিযোগ, আইনি নোটিশ আমাকে হতবাক করছে।’

চুক্তির শর্ত নিয়েও নিজের ব্যাখ্যা দিয়েছেন এই অভিনেতা। তিনি বলেন, চুক্তির ৪.১১ ধারা এবং আইনি নোটিশের দ্বিতীয় ধারায় সিনেমাটির মুক্তি ও শিডিউলসংক্রান্ত বিষয় উল্লেখ রয়েছে। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ নিয়ে সেখানে স্পষ্ট কোনো শর্ত নেই।

শিডিউল নিয়ে আইনি নোটিশ পাঠানোর ঘটনায় বিষয়টি আইনিভাবেই মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছেন রাজ। তিনি বলেন, ‘এখন আমিও আইনিভাবে কথা বলব। চুক্তির ভিন্নতা নিয়ে অনেক কিছুই বলতে পারি। আমার কাজ শিডিউল দেওয়া, শুটিং করা। এখন বছরে তো আমি একটা ছবি করছি না। যাই হোক, পেশাগত জায়গায় আমি এসব বিষয়ের চেয়ে কাজ নিয়ে বেশি ভাবতে চাই। প্রযোজক-পরিচালকের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে, আশা করি তারা বিষয়টি অনুধাবন করতে পারবেন।’

প্রযোজক ও অভিনেতার পাল্টাপাল্টি বক্তব্যে জুবায়ের ইবনে বকর পরিচালিত ‘ঠিকানা’ সিনেমার নির্মাণ ও মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইনি নোটিশের জবাব এবং পরবর্তী আইনি পদক্ষেপের মধ্য দিয়ে বিরোধটি কোন দিকে যায়, এখন সেটিই দেখার বিষয়।

বিষয়:শরিফুল রাজ শাহরিন সুমি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…