বিনোদন

জন্মদিনের প্রথম প্রহরেই চমকে দিলেন কিং!

জন্মদিনের প্রথম প্রহরেই চমকে দিলেন কিং!

বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬১তম জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ উপহার নিয়ে হাজির হয়েছে তার আসন্ন সিনেমা ‘কিং’-এর নির্মাতা। দীর্ঘ অপেক্ষার পর প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম গান ‘তু মিল যায়ে’।

গানটিতে শাহরুখ খানের সঙ্গে পর্দায় রোমান্স করতে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। তবে শুধু প্রেমের আবহ নয়, গানের দৃশ্যজুড়ে রয়েছে রক্তাক্ত অ্যাকশন, মারামারি ও অপরাধজগতের নানা ঝলক।

২ নভেম্বর মধ্যরাতে শাহরুখের জন্মদিন উপলক্ষে গানটি প্রকাশ করা হয়। গত বছর অভিনেতার ৬০তম জন্মদিনে ‘কিং’-এর প্রথম লুক প্রকাশ করেছিল নির্মাতা প্রতিষ্ঠান। এবার ৬১তম জন্মদিনে প্রকাশ পেল সিনেমাটির প্রথম গান।

ভক্তদের অনেকে টিজার কিংবা ট্রেলার প্রকাশের প্রত্যাশা করলেও গান প্রকাশের মধ্য দিয়ে চমক দিয়েছে নির্মাতারা।
গানের শুরুতেই শাহরুখের সংলাপ, ‘ম্যায় কাতিল নেহি, আশিক হুঁ, অউর নিশানা মেরি মাশুকা…’। এরপরই শুরু হয় শাহরুখ ও দীপিকার রোমান্টিক মুহূর্তের দৃশ্য। কখনো মনোরম প্রাকৃতিক পরিবেশে, কখনো একান্ত সময় কাটাতে দেখা যায় এই জুটিকে। ছোট কালো চুলের নতুন লুকে শাহরুখের উপস্থিতিও নজর কেড়েছে।

তবে গানটির সবচেয়ে বড় চমক এর অ্যাকশন দৃশ্যগুলো। রোমান্টিক আবহের মাঝেই হঠাৎ বদলে যায় দৃশ্যপট। শাহরুখকে দেখা যায় লবণ-গোলমরিচ রঙের চুল, রক্তাক্ত মুখ এবং ভয়ংকর এক রূপে। একাধিক ব্যক্তির সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা যায় তাকে। পেছনে জ্বলতে থাকা আগুন আর মারামারির দৃশ্য সিনেমাটিতে তার চরিত্রের অন্ধকার দিকের ইঙ্গিত দেয়।

গানে শাহরুখের চরিত্রের সঙ্গে আন্ডারওয়ার্ল্ড ও চোরাচালান ব্যবসার যোগসূত্রের আভাসও পাওয়া গেছে।
গানের শেষদিকে শাহরুখের আরেকটি সংলাপ বিশেষভাবে আলোচনায় এসেছে। তিনি বলেন, ‘পর ইস বার দিল মে আগ লাগি হ্যায়, অব দুনিয়া জালায়ে বিনা মানেগা নেহি।’ অর্থাৎ, এবার তার হৃদয়ে আগুন জ্বলেছে, দুনিয়া না জ্বালিয়ে তিনি থামবেন না।

‘তু মিল যায়ে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। সংগীত পরিচালনা করেছেন শচীন-জিগর। গানটির অন্যতম আকর্ষণ আন্তর্জাতিক সংগীতশিল্পী এড শিরানের র‍্যাপ।

ভারতীয় ও আন্তর্জাতিক সংগীতশিল্পীদের এই যৌথ অংশগ্রহণ গানটিকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘কিং’-এ শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল ও অভয় ভার্মাসহ আরও অনেকে।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রথম গান প্রকাশের পর ‘কিং’-এ শাহরুখের রোমান্টিক ও বিধ্বংসী দুই রূপ দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

বিষয়:কিং দীপিকা শাহরুখ শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…