এশিয়ার নোবেলখ্যাত র্যামন ম্যাগসাইসাই পুরস্কার গ্রহণ করলেন রুনা খান

এশিয়ার নোবেলখ্যাত র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান। ফিলিপাইনের রাজধানী ম্যানিলার মেট্রোপলিটন থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে ২০২৬ সালের ৬৮তম এই সম্মাননা তুলে দেন দেশটির সাবেক প্রেসিডেন্ট র্যামন ম্যাগসাইসাইয়ের নাতি ফ্রান্সিসকো ম্যাগসাইসাই।
জনসেবা ও সমাজে ইতিবাচক পরিবর্তনে অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পাওয়া ১৪তম বাংলাদেশি রুনা খান। এর আগে ১১ নভেম্বর এক পাবলিক লেকচারে নিজের কাজের অভিজ্ঞতা ও অগ্রযাত্রার কথা তুলে ধরেন তিনি।
পুরস্কার গ্রহণের পর রুনা খান বলেন, এ স্বীকৃতি তিনি প্রান্তিক মানুষের পক্ষ থেকে গ্রহণ করেছেন, যারা তাদের পাশে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন। ফ্রেন্ডশিপের মাঠপর্যায়ের কর্মীদের নিরলস প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। তার বিশ্বাস, মৌলিক সুযোগ-সুবিধা শুধু ব্যক্তিগত ভোগের বিষয় নয়, বরং অন্যের পাশে দাঁড়ানোর দায়িত্ব ও সুযোগ।
র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান এডগার ও. চুয়া বলেন, রুনা খানসহ এ বছরের পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা চারপাশের সমস্যা ও অন্যায় দেখে মুখ ফিরিয়ে নেননি। বরং নিজেদের অবস্থান থেকে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশের দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে দুই দশকের বেশি সময় ধরে কাজ করছেন রুনা খান। ১৯৯৭ সালে যমুনা-ব্রহ্মপুত্রের চরাঞ্চলে নদীভাঙন, বন্যা ও বাস্তুচ্যুতির কারণে মানুষের দুর্ভোগ প্রত্যক্ষ করেন তিনি। দুর্গম এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা ও মৌলিক সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ২০০২ সালে প্রতিষ্ঠা করেন ফ্রেন্ডশিপ।
ভাসমান হাসপাতালের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিয়ে যাত্রা শুরু করা সংস্থাটি বর্তমানে স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু অভিযোজন, অর্থনৈতিক উন্নয়ন, নাগরিক সেবা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। সংস্থাটির কার্যক্রমের আওতায় প্রতিবছর প্রায় ৭৫ লাখ মানুষ সেবা ও সহায়তা পান।
জলবায়ু, স্বাস্থ্য, আর্থসামাজিক অবস্থা ও ভৌগোলিক প্রতিবন্ধকতাকে সমন্বিতভাবে বিবেচনায় নিয়ে কাজ করে ফ্রেন্ডশিপ। সংস্থাটির এই উন্নয়ন মডেল আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে। ২০২৫ সালে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উদ্ভাবনী উদ্যোগের জন্য ‘আর্থশট’ পুরস্কার অর্জন করে ফ্রেন্ডশিপ।





