আসন্ন ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে এগিয়ে রেখেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রের বরাতে মার্কিন রাজনৈতিক সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে, রুবিও ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ সহযোগীদের বলেছেন, ভ্যান্সই আগামী নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নের শীর্ষ দাবিদার এবং তিনি নিজেও ভ্যান্সকে সমর্থন করবেন যদি তিনি প্রতিদ্বন্দ্বিতায় নামেন।
এক ঘনিষ্ঠ সহযোগী বলেন, মার্কো স্পষ্টভাবে বলেছেন, যদি ভ্যান্স চান, তাহলে তিনিই হবেন রিপাবলিকান মনোনয়নপ্রাপ্ত প্রার্থী। রুবিও যেকোনোভাবে তাকে সহযোগিতা করবেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবারই বলেছেন, তার উত্তরসূরি হিসেবে তিনি ভ্যান্স এবং রুবিও— এই দুইজনকেই সবচেয়ে সম্ভাবনাময় মনে করেন। গত সপ্তাহে ট্রাম্প এমনকি মন্তব্য করেন, এই দুজনকে একসঙ্গে একই নির্বাচনী দলে দেখতে চান তিনি।
হোয়াইট হাউসের ঘনিষ্ঠ এক সূত্র জানায়, বর্তমান প্রত্যাশা হলো, ভ্যান্স হবেন প্রেসিডেন্ট প্রার্থী এবং রুবিও তার সহপ্রার্থী।
পলিটিকো পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ট্রাম্পের ২০২৪ সালের ভোটারদের মধ্যে ৩৫ শতাংশ ভ্যান্সকে ২০২৮ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখতে চান। তুলনামূলকভাবে রুবিওর সমর্থন মাত্র ২ শতাংশ।
তবে এখনও অনেক ভোটারই নির্দিষ্ট কোনো প্রার্থীর প্রতি আগ্রহ দেখাননি। প্রায় ১৬ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা এখনও সিদ্ধান্ত নেননি বা কাউকেই চান না।








