স্পেনের বিশ্বজয়ী অধিনায়ক তারকা মিডফিল্ডার রদ্রির পিঠে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সফল অস্ত্রোপচারের পর তাকে কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে, নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষ। বুধবার রদ্রির ব্যাপারে সবশেষ তথ্য জানায় তার ক্লাব।
কিছুদিন ধরে পিঠে অস্বস্তি অনুভব করছিলেন ৩০ বছর বয়সী স্প্যানিশ তারকা। সমস্যার সমাধানে গত সোমবার তার শরীরে ছোট অস্ত্রোপচারটি করা হয়। ক্লাব কর্তৃপক্ষ আশা করছে দ্রুতই পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে মাঠে ফিরতে পারবেন তিনি।
আনুষ্ঠানিক বিবৃতিতে সিটি জানিয়েছে, ‘ম্যানচেস্টার সিটি নিশ্চিত করছে যে, রদ্রির পিঠে সফল অস্ত্রোপচার হয়েছে। তিনি কিছুদিন ধরে অস্বস্তি বোধ করছিলেন। এখন অস্ত্রোপচার শেষে তিনি স্বল্পমেয়াদী পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।’
এদিকে মাঠের খবরের পাশাপাশি রদ্রির ক্লাব পরিবর্তন নিয়েও জোর গুঞ্জন চলছে। চুক্তির মেয়াদ মাত্র একবছর বাকি। খবর, তার সঙ্গে চুক্তি নবায়নের আশা ছাড়েনি ম্যানচেস্টার সিটি। তবে সদ্যসমাপ্ত বিশ্বকাপে স্পেনের হয়ে রদ্রির দুর্দান্ত পারফরম্যান্সের পর স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ বড় প্রস্তাব দিতে পারে।
দলবদলের সমীকরণের মাঝেই নিজেদের মধ্যমাঠ শক্তিশালী করতে ইতিমধ্যে কাজ শুরু করেছে সিটিজেনরা। নটিংহ্যাম ফরেস্ট থেকে এলিয়ট অ্যান্ডারসনকে দলে টেনেছে। ফরাসি ক্লাব লিলের উদীয়মান মরক্কান মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দির উপরও নজর রাখছে ইংলিশ চ্যাম্পিয়নরা।







