বাংলাদেশ

দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চালু

দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চালু

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে দৃষ্টিসীমা স্বাভাবিক হলে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।

এর আগে ভোর থেকে পদ্মা নদী অববাহিকায় ঘন কুয়াশা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে নদীতে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সকাল ৬টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের বিভিন্ন পন্টুনে নয়টি ফেরি নোঙর করে রাখা হয়েছিল। এর মধ্যে পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে খান জাহান আলী ও বাইগার, ৪ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং ৫ নম্বর ঘাটে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান অবস্থান করছিল।

অন্যদিকে দৌলতদিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে পায়রা ও বিএস ডা. গোলাম মাওলা, ৪ নম্বর ঘাটে হাসনাহেনা এবং ৭ নম্বর ঘাটে ধলেশ্বরী ও কেরামত আলী ফেরি নোঙর করে রাখা হয়। এ ছাড়া বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে।

বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুস সালাম ফেরি চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘন কুয়াশার কারণে সকাল ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশার ঘনত্ব কমে দৃষ্টিসীমা স্বাভাবিক হওয়ায় সকাল ৮টা থেকে আবার ফেরি চলাচল শুরু করা হয়েছে।

বিষয়:ঘন কুয়াশা নৌযান চলাচল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…