বাংলাদেশ

রাজধানীতে চার যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীতে চার যাত্রীবাহী বাসে আগুন

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় চারটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসগুলো ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে সাড়ে ১২টার মধ্যে পল্লবী, মহাখালী, বাড্ডা ও রামপুরা এলাকায় এসব ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসব ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পল্লবীর ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত ৮টা ৫০ মিনিটে পল্লবীর সিরামিক রোডে পার্কিং করে রাখা ‘মিরপুর লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এর প্রায় আধা ঘণ্টা পর রাত ৯টা ২০ মিনিটে মহাখালীতে তিতুমীর কলেজের সামনে চলন্ত ‘আলিফ পরিবহন’-এর বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে বাড্ডায় ‘বৈশাখী পরিবহন’ এবং সোয়া ১১টার দিকে রামপুরায় ‘রাইদা পরিবহন’ এর একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বাসে অগ্নিসংযোগের পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। মোহাম্মদপুর, যাত্রাবাড়ী ও তেজগাঁওসহ ছয়টি স্থানে এসব বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর মধ্যে মোহাম্মদপুরের কৃষি মার্কেট, আসাদগেট, বছিলা এবং যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদপুর থেকে এক ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনগুলোর পক্ষে  পরিকল্পিতভাবে নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত অন্তত ৬০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয়:অগ্নিসংযোগ বাসে আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…