উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খুব বেশি ছন্দে নেই রিয়াল মাদ্রিদ। অধারাবাহিক পারফরম্যান্সে বর্তমান চ্যাম্পিয়নরা পয়েন্ট টেবিলে ২৪তম স্থানে নেমে গেছে। সরাসরি শেষ ষোলোতে ওঠা তো পরেই, আপাতত শঙ্কা জেগেছে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার। এমন বাস্তবতায় আটালান্টার বিপক্ষে জয়ের বিকল্প নেই রিয়ালের। বেশ ভালোই চাপে আছেন কোচ কার্লো আনচেলত্তি, জয়ে ফিরতে খুঁজছেন কৌশল।
আটালান্টার গিউইস স্টেডিয়াম মঙ্গলবার রাতে সিরি আ’র দলটির মুখোমুখি হবে লা লিগার রিয়াল। আসরে পয়েন্টে টেবিলের ছয়ে থাকা আটালান্টার বিপক্ষে রিয়াল মাঠের লড়াইয়ে নামবে বাংলাদেশ সময় রাত ২টায়।
প্রথম রাউন্ডে এপর্যন্ত ৫ ম্যাচের ৩টি হেরেছে রিয়াল। পয়েন্ট টেবিলে অবস্থান ২৪ নম্বরে। প্লে-অফ খেলে শেষ ষোলোয় যেতে হলেও অন্তত ২৪-এর মধ্যে থাকতে হবে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেছেন, ‘পরের রাউন্ডে যেতে হলে এই ম্যাচের তিন পয়েন্টের চেয়ে এই মুহূর্তে আর গুরুত্বপূর্ণ কিছু নেই। দুর্ভাগ্যবশত আমাদের এখন একটি অতিরিক্ত রাউন্ড খেলতে হবে। এটাই এখন সবচেয়ে কঠিন সত্য। তবে এই দলটির প্রতি আমার অনেক আস্থা আছে।’
৬৫ বর্ষী আনচেলত্তি বলেছেন, ‘দলের সম্যসাগুলো ধীরে ধীরে উন্নত হয়েছে। ভালো একটি গতিশীল অবস্থায় আছি এখন। আশা করি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উন্নতি করতে থাকব। এ ম্যাচটি এবছরের সবচেয়ে কঠিন হতে পারে। আটালান্টার মতো খুব শক্ত প্রতিপক্ষকে পরাজিত করার জন্য একটি ভালো কৌশল খোঁজাই এখন চিন্তার বিষয়। তবে এর বেশিকিছু নয়।’







