একাধিক সুযোগ হাতছাড়া বাংলাদেশের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

সাফের উদ্বোধনী দিনে ভুটানের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে ভালোই দাপট দেখিয়েছে বাংলাদেশ। পেয়েছিল একাধিক গোলের সুযোগও। তবে কোনোটাই কাজে লাগাতে পারেনি কোচ থমাস ডুলির শিষ্যরা। তাতে প্রথমার্ধ শেষ হয়েছে গোল শূন্য সমতায়।
ম্যাচের শুরুতে বেশ খানিকটা চমক দেখিয়েছে বাংলাদেশ। প্রথমে শুরুর একাদশে তপু বর্মণকে অধিনায়ক করে নাম ঘোষণা করা হলেও মাঠে অধিনায়কের আর্মাব্যান্ড পরে নামতে দেখা গেছে জামাল ভূঁইয়াকে। তপুকে মাঠেই দেখা যায়নি। আর নাম্বার নাইন পজিশনে খেলছেন বিশ্বনাথ ঘোষ।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে খেলার ম্যাচের শুরুতে আক্রমণ করে বাংলাদেশ, রাইট উইং দিয়ে আক্রমণ করেন ফরোয়ার্ড রাকিব হোসেন। পরে জিদান ইউসুফ একটি সুযোগ পান। ১৩ মিনিটে সাদ উদ্দিনের ক্রসে ভালো হেড করেন শমিত সোম, যদিও ভুটান গোলরক্ষক বল ঠেকিয়ে দেন। ১৭ মিনিটে লেফট উইং থেকে রাকিবের ক্রস থেকে তখনকার সবচেয়ে ভালো সুযোগটি গোলবারের বাইরে হেড করেন বিশ্বনাথ ঘোষ।
২৫ মিনিটে আরও একটি সুযোগ পান বিশ্বনাথ, জামালের ক্রসে দেয়া বল আবারও বাইরে মারেন তিনি। প্রায় ৩০ মিনিট পর আক্রমণের সুযোগ পায় ভুটান, যদিও রুখে দেন তারিক কাজী। ৩৫ মিনিটে কর্নার পায় ভুটান, সেখান থেকে পাওয়া বল উড়িয়ে মারেন নিমা ওয়াংডি। ৩৯ মিনিটে প্রথম অন টার্গেট শট নেয় ভুটান, শ্রাবণ বল নিজের নিয়ন্ত্রণে নেয়। ফিরতি আক্রমণে আবারও গোলবারের বাইরে মারেন বিশ্বনাথ।
৪২ মিনিটে বিশ্বনাথ এবার সুযোগ তৈরি করে দেন ফয়সাল আহমেদ ফাহিমকে। তবে তিনি শট নিতে পারেননি, ফাউল আদায় করে নেন। সেই ফাউল শমিত সোম হেড করলেও বারের বাইরে দিয়ে বেরিয়ে যায়। দুদল বিরতিতে যায় গোলশূন্য ব্যবধান রেখে।






