অপরাধ

তাহসিফ হত্যা মামলায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নিতে চায় পুলিশ

তাহসিফ হত্যা মামলায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নিতে চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নিতে চায় পুলিশ। এ জন্য তাকে জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন ঢাকার আদালতে এ আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটনে গত ৩ নভেম্বর থেকে তিন দিনের রিমান্ডে নিয়ে দীপকে বিভিন্ন কৌশলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় তিনি ঘটনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবারও রিমান্ডে নেওয়া প্রয়োজন।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলা করেন তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম।

এ মামলায় গ্রেপ্তারের পর দীপকে প্রথম দফায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়। দ্বিতীয় দফায় আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবার তৃতীয় দফায় তাকে রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। একই মামলায় গ্রেপ্তার এক তরুণী বর্তমানে দ্বিতীয় দফার রিমান্ডে রয়েছেন।

বিষয়:তাহসিফ হত্যা মামলা নিখোঁজ নৌ পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…