শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ

ছবি: সংগৃহীত
শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর)। মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করেছেন আদালত।
বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন। রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের পূর্বপ্রস্তুতি থাকায় দ্রুততম সময়ে শুনানি শেষ হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষ মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি বহাল রাখার আবেদন জানায়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা বলেন, গ্রেপ্তারের পর পুলিশের রিমান্ড ছাড়াই ম্যাজিস্ট্রেটের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মামলার প্রধান আসামি সোহেল রানা। ওই জবানবন্দিতে ঘটনার নৃশংসতা ও বিস্তারিত বিবরণ উঠে এসেছে। জবানবন্দিটি স্বেচ্ছায় দেওয়া এবং সত্য হওয়ায় তা উপেক্ষা করার সুযোগ নেই।
তারা আরও বলেন, শিশু রামিসাকে বাসার ভেতরে ধর্ষণ ও হত্যার সময় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এরপরও অপরাধ ঠেকাতে কোনো ভূমিকা না রাখা এবং স্বামীকে পালিয়ে যেতে সহায়তা করার বিষয়টি তার সম্পৃক্ততার প্রমাণ। তাই স্বপ্নার মৃত্যুদণ্ডও বহাল রাখা উচিত।
অন্যদিকে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারের পর অনেক সময় পুলিশের ভয়ে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ক্ষেত্রেও তেমনটি হয়ে থাকতে পারে। মামলার অন্যান্য সাক্ষ্যপ্রমাণেও সোহেল রানার খালাস পাওয়ার সুযোগ রয়েছে। আর স্বপ্না আক্তারের বিরুদ্ধে সরাসরি অপরাধ সংঘটনের অভিযোগ না থাকায় তাকেও খালাস দেওয়া উচিত।
এর জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, এটি সাধারণ কোনো হত্যাকাণ্ড নয়, শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা। স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকায় বাসার ভেতরে এমন অপরাধ সংঘটিত হয়েছে। পরে স্বপ্না তার স্বামীকে পালিয়ে যেতে সহায়তা করেন। তাই তাকে খালাস দেওয়ার সুযোগ নেই।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির।
উল্লেখ্য, বিচারিক আদালতে এই মামলার বিচারকাজ শেষ হয়েছিল চার কার্যদিবসে। এবার হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষ হলো মাত্র সাড়ে চার ঘণ্টায়।






