গোপালগঞ্জ

যৌথ বাহিনীর অভিযানে গোপালগঞ্জে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

Police handcuffs on a reflective surface, symbolizing law enforcement. Channel i News - চ্যানেল আই নিউজ

A pair of black police handcuffs placed on a reflective surface, representing law enforcement and security. Channel i News – চ্যানেল আই নিউজ

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার বিভিন্ন থানায় ১৫টির বেশি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। চারটি যৌথ বাহিনীর দল ও রিজার্ভ সদস্যসহ মোট ৩১৫ জন সদস্য অভিযানে অংশ নেন। অভিযানে ১৪ জনকে গ্রেপ্তারের লক্ষ্য থাকলেও চারজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল গ্রামের ফারুক মোল্লা, অসিকুল সরদার এবং মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের শফিউল আলম ও কাইয়ুম শেখ।

যৌথ বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, ফারুক মোল্লা সুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে সরকারবিরোধী কর্মকাণ্ড, ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন মিছিল-সমাবেশে লোকজন সংগঠিত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অন্যদিকে অসিকুল সরদার সুকতাইল ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে বিভিন্ন মিছিল-সমাবেশ আয়োজন এবং নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

মুকসুদপুর থেকে গ্রেপ্তার শফিউল আলম ও কাইয়ুম শেখের বিরুদ্ধে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে উসকানি দেওয়া, সংগঠক ও আয়োজক হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে। তাদের ছোট ভাই তরিকুল ইসলাম মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসব ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছে যৌথ বাহিনী।

যৌথ বাহিনী জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, সমাবেশসহ বিভিন্ন সরকারবিরোধী কর্মসূচিতে জড়িত ছিলেন।

বিষয়:আওয়ামী লীগের নেতাকর্মী গোপীনাথপুর যৌথ বাহিনীর অভিযান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…