বাংলাদেশ

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী

শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন সোচ্চার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

আজ মঙ্গলবার ১৭ নভেম্বর সকাল সাড়ে ৭টায় সন্তোষে মওলানা ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। পরে মওলানা ভাসানীর পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী, টাঙ্গাইল প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং তার অনুসারীরা সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা, ওরশ, দোয়া মাহফিল এবং এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। এদিকে মৃত্যুবার্ষিকী ঘিরে মাজার প্রাঙ্গণে বসেছে কয়েক দিনব্যাপী মেলা। দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত, অনুসারী ও মুরিদানরা সন্তোষে সমবেত হয়েছেন। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিএনপি এ উপলক্ষে একটি জাতীয় কমিটি গঠন করেছে। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে সদস্যসচিব করা হয়েছে।

১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তার বাবা শরাফত আলী খান এবং মা মোসাম্মৎ মজিরন বিবি। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার পর তিনি ভারতের দেওবন্দে ইসলামি শিক্ষায় অধ্যয়ন করেন। পরবর্তী সময়ে সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে সম্পৃক্ত করেন। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি শাসন-শোষণের বিরুদ্ধে সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। কৃষক, শ্রমিক, ভূমিহীন ও দরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করে যাওয়ায় তিনি ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিতি লাভ করেন।

১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে তিনি দলটির প্রথম সভাপতি নির্বাচিত হন। পাকিস্তানি শাসকদের বৈষম্য ও শোষণের বিরুদ্ধে পূর্ব বাংলার মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন ভাসানী। পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনেও ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থানকালে তিনি বাংলাদেশের প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন।

স্বাধীনতার পর ১৯৭২ সালের ২২ জানুয়ারি দেশে ফিরে আবারও সাধারণ মানুষের অধিকার, অর্থনৈতিক সাম্য ও গণতান্ত্রিক জবাবদিহি প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হন। ১৯৭৩ সালে খাদ্যের দাবিতে তাঁর অনশন কর্মসূচি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। পরে টাঙ্গাইলের সন্তোষে তাঁকে সমাহিত করা হয়। ক্ষমতার চেয়ে মানুষের অধিকার, ব্যক্তিস্বার্থের চেয়ে জনস্বার্থ এবং অন্যায়ের সঙ্গে আপস না করার আদর্শে বিশ্বাসী এই নেতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বতন্ত্র অবস্থান তৈরি করে গেছেন। তার রাজনৈতিক দর্শন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আজও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে অনুপ্রেরণার উৎস।

বিষয়:মওলানা আবদুল হামিদ খান ভাসানী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…