বিনোদন

টিকিট বিক্রি করে ৪ হাজার কোটি টাকা উঠানো সম্ভব?

টিকিট বিক্রি করে ৪ হাজার কোটি টাকা উঠানো সম্ভব?

‘রামায়ণ’ নির্মাণে বিপুল বিনিয়োগ করেছেন প্রযোজক নমিত মালহোত্রা। তবে এই বিনিয়োগের অর্থ শুধু সিনেমার টিকিট বিক্রি থেকে তুলে আনার পরিকল্পনা নেই তার। বরং সিনেমাটিকে ঘিরে গড়ে তুলতে চান বিশাল বাণিজ্যিক ও বিনোদনজগৎ।

যেখানে থাকবে ভিডিও গেম, খেলনা, পোশাক, থিম পার্ক, টেলিভিশন সিরিজ থেকে শুরু করে ভার্চ্যুয়াল রিয়েলিটির মতো নানা আয়োজন।

দুই পর্বে নির্মিত নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এর প্রথম কিস্তি মুক্তি পেয়েছে ৫ নভেম্বর। ৪ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমা দুটির প্রথম পর্ব মুক্তির পাঁচ দিনে বিশ্বজুড়ে আয় করেছে ৬৬৪ কোটি রুপি।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নমিত মালহোত্রা বলেন, সিনেমাটি থেকে কত আয় হলো, শুধু সেই হিসাবের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না তিনি। তার মতে, সিনেমা থেকে প্রত্যাশিত আয় না এলে পণ্য বিক্রি, থিম পার্ক কিংবা অন্য কোনো বাণিজ্যিক উদ্যোগের মাধ্যমে বিনিয়োগের অর্থ তুলে আনার সুযোগ রয়েছে।

মালহোত্রা বলেন, ‘সিনেমা থেকে অর্থ আয় করতে না পারলে পণ্য বিক্রি থেকে করব। সেখানেও না হলে থিম পার্ক থেকে করব। সেটিও সম্ভব না হলে অন্য কোনো উপায়ে আয় করব।’

এর আগে একই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘রামায়ণ’ ভালোভাবে নির্মাণ করতে পারলে এবং দর্শকের ভালো লাগলে আর্থিক দিক থেকেও সফলতা আসবে বলে তার বিশ্বাস। ব্যবসায়িক হিসাবের চেয়ে গল্পটি যথাযথভাবে পর্দায় তুলে ধরাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

হায়দরাবাদে সিনেমাটির তেলুগু সংস্করণের মুক্তিপূর্ব অনুষ্ঠানে নমিত মালহোত্রা জানান, ‘রামায়ণ’কে শুধু সিনেমা হিসেবে ভাবেননি তারা। বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিচিত এই মহাকাব্যকে ঘিরে দীর্ঘমেয়াদি একটি বিনোদনজগৎ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, দুটি সিনেমা নির্মাণ করেই রামের যাত্রা শেষ করতে চান না তারা। বরং সিনেমার মাধ্যমে সেই যাত্রা শুরু করতে চান। ভবিষ্যতে দর্শকদের যুক্ত রাখার জন্য আরও নানা ধরনের আয়োজন করা হবে।

নির্মাতাদের পরিকল্পনায় রয়েছে ভিডিও গেম, পোশাক, খেলনা, গ্যাজেট ও ঘর সাজানোর সামগ্রীসহ নানা পণ্য। পাশাপাশি তৈরি হবে টেলিভিশন স্পিন-অফ, চরিত্রভিত্তিক সিনেমা ও অ্যানিমেশন। দর্শকদের জন্য থিম পার্ক, ব্রডওয়ে মিউজিক্যাল এবং ভার্চ্যুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি ও মেটাভার্সভিত্তিক অভিজ্ঞতার আয়োজনও থাকছে পরিকল্পনায়।

সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ। আরও রয়েছেন রবি দুবে, লারা দত্ত ও অরুণ গোভিল। দুই পর্বের এই মহাকাব্যিক সিনেমার দ্বিতীয় কিস্তি মুক্তি পাওয়ার কথা ২০২৮ সালে। টেলিগ্রাফ

বিষয়:বলিউড যশ রাবন রামায়ণ সাই পল্লবী সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…