হিট প্রকল্পের আওতায় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ শুরু

ছবি: সংগৃহীত
বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের জন্য ১০ দিনব্যাপী পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণের প্রথম দুই ব্যাচে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬০ জন অধ্যাপক ও সহযোগী অধ্যাপক অংশ নিচ্ছেন।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব। হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম।
অধ্যাপক ড. মাসুমা হাবিব বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে পেশাগত যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে। এতে যৌথ গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার সুযোগ বাড়বে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে কাজে লাগানোর পাশাপাশি নবীন সহকর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়নেও ভূমিকা রাখতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. রাকিবুল হক দিনটিকে দেশের উচ্চশিক্ষার জন্য ঐতিহাসিক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, হিট প্রকল্পের আওতায় ইউজিসি প্রথমবারের মতো জ্যেষ্ঠ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য এ ধরনের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ চালু করেছে। এর ফলে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়বে। পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয়ের ভালো চর্চা অন্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হবে।
রোবোটিকস, চারুকলা ও ব্যবসায় শিক্ষার গবেষকদের যৌথ কাজের উদাহরণ দিয়ে প্রকল্প পরিচালক বলেন, একটি প্রযুক্তি বাজারে নিয়ে যেতে উদ্ভাবনের পাশাপাশি পণ্যের নকশা ও বাজারজাতকরণেও দক্ষতা প্রয়োজন। প্রশিক্ষণে গড়ে ওঠা যোগাযোগ ভবিষ্যতে এ ধরনের আন্তঃবিষয়ক গবেষণায় সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণের প্রস্তুতি হিসেবে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যৌথভাবে ছয়টি প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক প্রশিক্ষকদের সহায়তায় ১৫ জন মাস্টার ট্রেইনার ও ২১ জন ন্যাশনাল ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জ্যেষ্ঠ শিক্ষকদের প্রশিক্ষণ মডিউল আরও উন্নত করতে তিনি অংশগ্রহণকারীদের সুনির্দিষ্ট মতামত দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আরডিএর পরিচালক ও প্রশিক্ষণের কোর্স পরিচালক ড. মো. আবিদ হোসেন মৃধা এবং আরডিএর পরিচালক মো. দেলোয়ার হোসাইন। হিট প্রকল্প ও আরডিএর কর্মকর্তা, পরামর্শক, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।






