ক্রিকেট

২০৫ রানে জিতে সেমিফাইনালে বাংলাদেশ

ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ-২০২৬

২০৫ রানে জিতে সেমিফাইনালে বাংলাদেশ

ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে পয়েন্ট টেবিলে রানার্সআপ হয়ে সেমিফইনাল নিশ্চিত করল বাংলাদেশের যুবারা। আসরে গ্রুপ পর্বে তিন ম্যাচের দুটিতে জয় এবং একটিতে হার দেখেছিল লাল সবুজের প্রতিনিধিরা। এশিয়া কাপের প্রতিটি ম্যাচ সরাসরি দেখাচ্ছে চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন।

সোমবার ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৩ রান করে ফরিদ হাসানের দল। জবাবে ব্যাট করতে নেমে ৩০.৫ ওভারে মাত্র ৯৮ রানে অল আউট হয় মালয়েশিয়া।

লক্ষ্য তাড়ায় নেমে একের এক উইকেট হারায় মালয়েশিয়া। দলীয় ৯ রানে দুই ওপেনারকে হারায় দলটি। শামিল আকিল ২ বল খেলে শূন্য এবং আরেক ওপেনার আশরাফ মিকাইল ৭ বলে ২ রান করে আউট হন। দলীয় ১০ রানে অধিনায়ক দিয়াজ পাত্রো শূন্য রানে আউট হন।

তবে এক প্রান্ত আগলে রেখে নিজের ফিফটি পূরণ করেন নাগিনেশ্বরন সাথনকুমারন। তিনি ৮১ বলে ৫০ রান করে আউট হন। তার ইনিংসে দুটি ছক্কা ও তিনটি চারের মার ছিল। মালয়েশিয়ার আর কোনো ব্যাটার সুবিধা করতে না পারলে ৯৮ রানে অল আউট হয়।

বাংলাদেশের বোলিংয়ে আগুন ঝরান পেসার তাফিউল আলম তামিম। ডানহাতি এ মিডিয়াম পেসার ১৮ রান দিয়ে নিয়েছেন ৭টি উইকেট নেন। দুইটি উইকেট নেন রুবাই ইসলাম রিজোন এবং বাকি একটি উইকেট তুলেন আল রাফি।

প্রথম ইনিংসে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৮ রানে ৮ রানে আউট হন জারিফ সিয়াম। দলীয় ৩৩ ও ৪১ রানে আব্দুল্লাহ আল মুহি (২২) এবং আল-আমিন হোসেন রনির (৬) উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। চতুর্থ উইকেটে ফরিদ হাসানের সাথে ৪২ রানের জুটি গড়েন আহসান আল মুমিন। দলীয় ৭৯ রানের সময় ১৭ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক ফরিদ।

সপ্তম উইকেটে রবিউল হাসান অনিকের সাথে ৭৯ রানের আরও একটি জুটি গড়েন মুমিন। দলীয় ২২৩ রানের সময় ৪৫ রানে আউট হন অনিক। অন্যপ্রান্ত আগলে রেখে শতক তুলে নেন মুমিন। দলের হয়ে সর্বোচ্চ ১৩৩ বলে ১৫২ রান করে অপরাজিত থাকেন। ইনিংসে ছিল ১০ চার এবং ৬ ছক্কা।

মালয়েশিয়ার হয়ে নাগিনেশ্বরন সাথনাকুমারান, সাহির আশরাফ, ওলগা গুনাওয়ান ২টি করে উইকেট নেন। আরিয়ান ইস্কান্দার, মুহাম্মদ নূরহানি ১টি করে উইকেট নেন।

বিষয়:আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ড ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বাংলাদেশ মালয়েশিয়া সেমিফাইনাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…