আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে সেলফি তুলে ভাইরাল ভারতের ১৭ বছরের ‘এআই কিড’ রাউল

পুতিনের সঙ্গে সেলফি তুলে ভাইরাল ভারতের ১৭ বছরের ‘এআই কিড’ রাউল

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করে অল্প বয়সেই পরিচিতি পেয়েছে ভারতের কেরালার ১৭ বছর বয়সী উদ্যোক্তা রাউল জন আজু। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে সে। মস্কোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই সম্মেলনে পুতিনের সঙ্গে দেখা হওয়ার সেই মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছে রাউল।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘এআই জার্নি ২০২৬’ সম্মেলন। সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশন শেষে রাউলের সঙ্গে সাক্ষাৎ হয় রুশ প্রেসিডেন্টের।

রাশিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করে রাউল লিখেছে, এখনো বিশ্বাস করতে পারছি না। ছোটবেলায় শখের বশে ভিডিও তৈরি করা থেকে শুরু করে ১৭ বছর বয়সে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা—জীবন আমাকে এমন সব সুযোগ দিয়েছে, যা কখনো কল্পনাও করিনি।

রাশিয়ার দূতাবাস রাউলকে ‘থিংকক্রাফট’ প্ল্যাটফর্মের নির্মাতা স্কুলশিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছে। দূতাবাসের ভাষ্য অনুযায়ী, সম্মেলনে যেসব তরুণ এআই প্রতিভা পুতিন ও কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছে, রাউল তাদের একজন।

ভারতে ‘এআই কিড’ নামে পরিচিত রাউল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন প্রযুক্তি তৈরি, এআই বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং প্রযুক্তি উদ্যোগ গড়ে তোলার মাধ্যমে পরিচিতি পেয়েছে।

মাত্র ৯ বছর বয়সে কৃত্রিম বুদ্ধিমত্তা শেখা শুরু করে সে। পরবর্তী সময়ে প্রতিষ্ঠা করে ‘এআই রিয়েলম টেকনোলজিস’ নামের একটি স্টার্টআপ। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৫ জন কর্মী কাজ করছেন। বিশ্বজুড়ে প্রায় পাঁচ লাখ শিক্ষার্থীকে এআই বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে প্রতিষ্ঠানটি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতিসংঘের সংবাদমাধ্যম ইউএন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রাউল জানায়, ভিডিও সম্পাদনার মাধ্যমে প্রযুক্তির প্রতি তার আগ্রহ তৈরি হয়। তার বাবা অ্যাডোবিতে চাকরি পাওয়ার পর সে বিভিন্ন প্রিমিয়াম সফটওয়্যার ব্যবহারের সুযোগ পায়। সেখান থেকেই এআই সম্পর্কে শেখা শুরু। পরে স্কুলের বিজ্ঞান প্রকল্পের জন্য ‘মিবট’ (MeBot) নামে একটি রোবট তৈরি করে সে।

রাউলের উদ্যোক্তা হয়ে ওঠার গল্পে আরেকটি বিষয় বেশ আলোচিত। তার বাবা এখন ছেলের প্রতিষ্ঠানে কাজ করেন এবং প্রতি মাসে দুই লাখ রুপি বেতন পান।

উল্লেখ্য, ‘এআই জার্নি ২০২৬’ সম্মেলনে ভারত, চীন, রাশিয়া, সার্বিয়া, ব্রাজিল, কেনিয়া, কাজাখস্তান ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের গুরুত্বপূর্ণ এ সম্মেলনে প্রযুক্তি, উদ্ভাবন ও এআইয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে।

বিষয়:কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভারতের কেরালা ভ্লাদিমির পুতিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…