পিটিআইয়ের লংমার্চ: রাওয়ালপিন্ডিতে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি

ছবি: সংগৃহীত
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আগামী ৮ নভেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইসলামাবাদমুখী লংমার্চ ঘিরে উত্তেজনার মধ্যে গতকাল শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার নাদিম নাসির জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তার কথা উল্লেখ করে এ ঘোষণা দেন।
ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা অনুযায়ী, জেলায় পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি প্রকাশ্যে অস্ত্র, হাতে তৈরি বিস্ফোরক, পেরেকযুক্ত বস্তু, ভারী লাঠি, গুলতি, বল-বিয়ারিং, পেট্রলবোমা এবং মানুষের ক্ষতি করতে পারে—এমন সরঞ্জাম বহন ও প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া ড্রোন ব্যবহার এবং সমাবেশ ও যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশের স্থাপন করা ব্যারিকেড ভাঙার চেষ্টাও নিষিদ্ধ থাকবে।
জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা গোয়েন্দা কমিটির (ডিআইসি) বৈঠকে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও অন্যান্য অবকাঠামোর ওপর সম্ভাব্য হুমকির বিষয়ে ডেপুটি কমিশনারকে সতর্ক করা হয়। এসব হুমকি মানুষের জীবন, সরকারি-বেসরকারি সম্পদ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিপুল জনসমাগম, বিক্ষোভ ও বিশৃঙ্খল জমায়েতের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কা রয়েছে। এ উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও গোষ্ঠী লোকজনকে সংগঠিত করছেন বলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার কথাও জানিয়েছে জেলা গোয়েন্দা কমিটি।
পিটিআইয়ের লংমার্চ এখনো খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাইরে আসতে পারেনি। তবে প্রদেশটির মুখ্যমন্ত্রী গতকাল জানিয়েছেন, তাঁর নেতৃত্বে লংমার্চ ইসলামাবাদের দিকে অগ্রসর হবে।
এদিকে পাকিস্তানের অন্যান্য এলাকাতেও ১৪৪ ধারা কার্যকর রয়েছে। গত ১৮ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, রাজধানী ইসলামাবাদে দুই মাসের জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অন্যদিকে জনশান্তি ও নিরাপত্তার স্বার্থে লাহোরে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা বহাল রয়েছে।






