ফ্রেঞ্চ কাপে শেষ ষোলোর লড়াইয়ে লে মান্সের বিপক্ষে নেমেছিল প্যারিস সেইন্ট জার্মেইন। আসরের বর্তমান চ্যাম্পিয়নদের থার্ড টায়ারের দলটি মোটামুটি নাকানি-চুবানি খাইয়েছে। ২-০ গোলের কষ্টার্জিত জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পিএসজি।
ডিজায়ার ডো’র ২৫ মিনিটের গোলের পর ৭১ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ব্রাডলি বারকোলা। পুরো ম্যাচে পিএসজি লে মান্সের গোলমুখে মাত্র তিনটি শট নিতে পারে, বিপরীতে লে মান্স পিএসজির গোলমুখে দুটি শট নিলেও জালের দেখা পায়নি।
ম্যাচের পর প্যারিস সেইন্ট জার্মেইন কোচ লুইস এনরিকে বলেছেন, ‘এটা মোটামুটি গতানুগতিক ফ্রেঞ্চ কাপ ম্যাচ। তবে ম্যাচটি বিপজ্জনক, অনিশ্চিত। অনেক বিষয় আছে যেগুলো নিয়ন্ত্রণ করতে পারবে না। কিন্তু আমার মনে হয়েছে আমরা ভালো খেলেছি।’
‘আমরা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছি। সুতরাং এখন কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিতে পারব। বিষয়টির জন্য আমরা বেশ খুশি।’ টেবিল টপাররা লিগ ওয়ানে শুক্রবার তৃতীয় স্থানে থাকা মোনাকোর বিপক্ষে নামবে।










