ফুটবল

হাকিমির প্রথম হ্যাটট্রিক ও পাঁচ গোলে অবদান, পিএসজির সর্বোচ্চ জয়ের রেকর্ড এনরিকের

হাকিমির প্রথম হ্যাটট্রিক ও পাঁচ গোলে অবদান, পিএসজির সর্বোচ্চ জয়ের রেকর্ড এনরিকের

পিএসজির রক্ষণের ডানপ্রান্তের আশরাফ হাকিমি ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক পেয়েছেন, পাশাপাশি দুটি গোলে সহায়তা করেছেন। জয়ে কোচ লুইস এনরিকে পিএসজির ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা কোচ হওয়ার রেকর্ড গড়েছেন।

শুক্রবার রাতে লিগ ওয়ানে প্রতিপক্ষের মাঠে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত তলানির দল লে হাভরের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় তুলেছে পিএসজি। মরক্কোর তারকা খেলোয়াড় হাকিমি দলের পাঁচটি গোলে প্রতিটিতেই অবদান রেখেছেন। আর লুইস এনরিকের মোট জয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭তে। এর মাধ্যমে তিনি লরা ব্লাকে ছাড়িয়ে পিএসজির ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা কোচ হিসেবে শীর্ষে উঠে এলেন।

ম্যাচে শুরুর ১৮ মিনিটে ফরোয়ার্ড জশ মাজার গোলে এগিয়ে যায় লে হাভর। তারপর স্বাগতিকদের একের পর এক আক্রমণ করে কোণঠাসা করে রাখে পিএসজি। ২৬ মিনিটে পিএসজির হয়ে প্রথম গোল করেন মিকা গডটস। এর দুই মিনিট পর হাকিমির চমৎকার ফিনিশিংয়ে ২-১এ এগিয়ে যায় ফরাসি চ্যাম্পিয়নরা। প্রধামার্ধে আর কোন গোল হয়নি। ওই ব্যবধানে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ২০ গজ দূর থেকে ফ্রি-কিকে নিজের জোড়া গোলটি করেন হাকিমি। ৬২ মিনিটে হাকিমির পাস থেকে সেনি মায়ুলু দলের চতুর্থ গোলটি করেন। ৬৯তম মিনিটে আবারও একটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন পিএসজি অধিনায়ক। ৫-১এ বড় জয় নিশ্চিত করে লুইস এনরিকের দল।

ম্যাচ শেষে হাকিমি বলেছেন, ‘এটি আমার জন্য দারুণ একটি সন্ধ্যা। বিশেষ করে আমরা জিতেছি বলে। তার চেয়েও বড় কথা এটি আমার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। খুবই আনন্দিত এবং আশা করি পিএসজি জার্সি পরে আরও অনেক গোল করতে পারব।’

২৭ বছর বয়সী হাকিমির ক্লাব ও জাতীয় দলে ক্যারিয়ারে এটিই প্রথম হ্যাটট্রিক, যা ক্যারিয়ারের ৪৮৬তম ম্যাচে এসে অর্জন করলেন।

বিষয়:আশরাফ হাকিমি পিএসজি লিগ ওয়ান লুইস এনরিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…