বিরোধীদের বিক্ষোভ ঘিরে দিল্লিতে ব্যারিকেড, কড়া নিরাপত্তা

ছবি: সংগৃহীত
কংগ্রেসের নেতৃত্বাধীন বিজেপিবিরোধী জোট ‘ইন্ডিয়া’র বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ভারতের রাজধানী দিল্লিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) রামলীলা ময়দান ও আশপাশের এলাকায় প্রায় ১০ হাজার পুলিশ ও প্যারামিলিটারি সদস্য মোতায়েন করা হয়েছে। সমাবেশস্থলে নজরদারির পাশাপাশি বিক্ষোভকারীরা যাতে যন্তর মন্তর বা রাজধানীর অন্য গুরুত্বপূর্ণ স্থানে যেতে না পারেন, সে জন্য বসানো হয়েছে ব্যারিকেড।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে দিল্লি পুলিশের প্রায় ৩ হাজার এবং প্যারামিলিটারির ৭ হাজারের বেশি সদস্য রয়েছেন। এ ছাড়া সতর্ক অবস্থায় রাখা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর আরও ১০ কোম্পানি। রামলীলা ময়দানে নজরদারির জন্য বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ২৫০টি সিসিটিভি ক্যামেরা। সমাবেশস্থলকে আটটি ভাগে ভাগ করে প্রতিটির দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ কর্মকর্তাদের।
এদিনের কর্মসূচিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ দলটির শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজ্যের বর্তমান ও সাবেক মুখ্যমন্ত্রীদের অংশ নেওয়ার কথা রয়েছে। বিরোধী জোটের কর্মসূচিতে সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এ ছাড়া আইসা নেত্রী নেহা বোরাও সমর্থকদের রামলীলা ময়দানে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন।
আয়োজকদের দাবি, কর্মসূচিতে দিল্লিতে ১০ লাখ মানুষের সমাগম হতে পারে। তবে দিল্লি পুলিশ সূত্র জানিয়েছে, রামলীলা ময়দানে সর্বোচ্চ ৫০ হাজার মানুষের জমায়েত সম্ভব। এর বেশি মানুষের সমাগমের আশঙ্কা দেখা দিলে নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগেই অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করা হবে।
বিরোধীদের সমাবেশের অনুমতি দেওয়া হলেও কনট প্লেস থেকে রামলীলা ময়দান পর্যন্ত রাহুল গান্ধীর ঘোষিত মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। ফলে মিছিলটি আটকে দেওয়া হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
পুলিশ জানিয়েছে, যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা উত্তেজনা দেখা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





