আন্তর্জাতিক

বিরোধী জোটের আন্দোলনের জবাবে মাঠে নামছে বিজেপি

বিরোধী জোটের আন্দোলনের জবাবে মাঠে নামছে বিজেপি

ছবি: সংগৃহীত

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে রোরবার (১ নভেম্বর) আবারও রাজপথে নামছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। এদিন কনট প্লেস থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিল করার কথা রয়েছে জোটের নেতাকর্মীদের। অন্যদিকে, একই দিন প্রায় একই সময়ে পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিজেপিও।

১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার প্রতিবাদে কংগ্রেসের বিরুদ্ধে মিছিলের ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাসহ বিজেপি নেতারা।

দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে রোববার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথ উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

বিজেপির অভিযোগ, ১৯৮৪ সালের শিখবিরোধী অশান্তির বর্ষপূর্তিকে সামনে রেখেই বর্তমান কর্মসূচি সাজিয়েছে কংগ্রেস। ওই দাঙ্গায় নিহত ব্যক্তিদের স্মরণে পাল্টা মিছিলের আয়োজন করেছে ক্ষমতাসীন দলটি।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে দিল্লির হরিনগর বাস ডিপো থেকে মিছিলটি শুরু হয়ে তিলকনগর মেট্রো স্টেশনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এতে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ছাড়াও বিজেপি নেতা হর্ষ মলহোত্র, এইচএস ফুলকা, মজিন্দর সিং সিরসা ও বাঁসুরী স্বরাজ অংশ নেবেন। ১৯৮৪ সালের দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরাও মিছিলে যোগ দেবেন।

অন্যদিকে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে রোববার দিল্লির রামলীলা ময়দানে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে কংগ্রেসসহ বিজেপিবিরোধী দলগুলো।

এ উপলক্ষে সকাল ১১টা থেকে কনস্টিটিউশন ক্লাবে জড়ো হবেন বিরোধী জোটের নেতা ও সংসদ সদস্যরা। পরে দুপুর ১২টার দিকে মিন্টো রোড ও কনট প্লেসের সংযোগস্থল থেকে মিছিল শুরু হয়ে রামলীলা ময়দানে গিয়ে শেষ হবে।

বিরোধীদের এ কর্মসূচিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে ছাড়াও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির অংশ নেওয়ার কথা রয়েছে। এ ছাড়া সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদবও মিছিলে যোগ দেবেন বলে জানা গেছে।

‘ইন্ডিয়া’ জোটের ‘চলো দিল্লি’ কর্মসূচিতেও কয়েকটি ছাত্রসংগঠন অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে। আইসা নেত্রী নেহা বোরা সমর্থকদের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে ককরোচ জনতা পার্টি (সিজেপি) কর্মসূচির প্রতি সমর্থন জানালেও সরাসরি মিছিলে অংশ নিচ্ছে না। দলটির প্রধান অভিজিৎ দীপ জানিয়েছেন, তাঁরা রাজনৈতিক কর্মসূচিতে সরাসরি যুক্ত না হলেও আয়োজকদের প্রতি সমর্থন রয়েছে।

শাসক ও বিরোধী দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। শুধু রামলীলা ময়দানেই ১০ হাজার পুলিশ ও আধাসেনা সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া শহরের বিভিন্ন এলাকায় ২৫০টির বেশি আধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বসানো হয়েছে ব্যারিকেড।

বিষয়:১৯৮৪ সাল শিখবিরোধী দাঙ্গা কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী দিল্লি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বিজেপি ভারত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…