মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

ছবি: সংগৃহীত
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মিরপুর-১০ সড়ক অবরোধ করা পোশাক শ্রমিকদের সঙ্গে দফায় দফায় পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার (১ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়। দুপুর পৌনে ১২টার দিকে সংঘর্ষ থামে। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সকাল থেকে মিরপুর–১০ নম্বর মোড়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন শ্রমিকেরা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে বারবার অনুরোধ করছিল পুলিশ। একপর্যায়ে বেলা সোয়া ১১টার দিকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন শ্রমিকেরা। তখন পুলিশ লাঠিপেটা শুরু করে। তারা শ্রমিকদের ধাওয়া দিয়ে জলকামান দিয়ে পানি ছোড়ে এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ ঘটনায় শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে শ্রমিকেরা আবার একজোট হন। তারা বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দুপুর পৌনে ১২টার পর্যন্ত এই পরিস্থিতি চলে।
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর–১০ নম্বর মোড়ের সড়ক অবরোধ করে সকাল থেকে বিক্ষোভ শুরু করেন তৈরিপোশাক কারখানার শ্রমিকেরা।
আজ সকাল আটটার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ ঘটনায় সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছিল।
অবরোধের কারণে মিরপুর–১০ নম্বরের মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়।
এদিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।





