দক্ষতাভিত্তিক শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দিচ্ছে সরকার: রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত
দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণ সমাজকে দক্ষ, সৃজনশীল ও কর্মমুখী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। শুধু সনদনির্ভর শিক্ষা নয়, শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জনের মাধ্যমে যুবসমাজকে জাতীয় উন্নয়নের মূল শক্তিতে পরিণত করতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় যুব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ফ্যাসিস্ট-পরবর্তী সময়ে দেশে গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হবে। রাজনীতি হতে হবে সংসদকেন্দ্রিক। শুধু রাজনৈতিক বিপ্লবের মধ্য দিয়ে দেশের পরিবর্তন সম্ভব নয়। একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনে যুবসমাজকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো শিক্ষাব্যবস্থা ও শ্রমবাজারের চাহিদার মধ্যে ব্যবধান। এ ব্যবধান কমাতে সনদনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা জরুরি। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তরুণদের সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, দক্ষ যুবসমাজ গড়ে তোলার পাশাপাশি জনবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে সরকার। জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি হিসেবে বায়োগ্যাস উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, ইতি মধ্যে দেশের বিভিন্ন স্থানে ৭০টি বায়োগ্যাস পল্লী স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি যুবসমাজকে উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠান শেষে যুব উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ চারজন সংগঠক ও ১০ জন আত্মকর্মীসহ মোট ১৪ জনের হাতে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ তুলে দেওয়া হয়।






