ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায়, যখন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার।
দুই শতাধিক ফিকশন, ডকুমেন্টারি নির্মাণের পর ‘প্রিন্স’র মাধ্যমে প্রথমবার সিনেমা নির্মাণে এসেছেন আবু হায়াত মাহমুদ। এটি নির্মিত হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে, প্রযোজক হলেন শিরিন সুলতানা। বর্তমানে সিনেমাটির শুটিং চলমান।
নির্মাতা সূত্রে জানা গেছে, ‘প্রিন্স’ ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা-র পোস্টারের মাধ্যমে সিনেমার গল্প ও চরিত্রের শক্ত ইঙ্গিত পাওয়া যাবে।
শুরুতে গুঞ্জন ছড়িয়েছিল ‘প্রিন্স’ নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার কালা জাহাঙ্গীরের জীবনী নির্ভর! তবে নির্মাতা হায়াত আগেই পরিস্কার করেন, তারা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছে-সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তির জীবনী নির্ভর নয়। এটা শ্রেফ গুজব ছাড়া কিছু নয়।
আসন্ন ঈদুল ফিতরে মুক্তি টার্গেট করে নির্মিত হচ্ছে ‘প্রিন্স’। শাকিবের সঙ্গে এতে দেখা যাবে তিন নায়িকা। তারা হলেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, সাবিলা নূর। আরও আছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডাক্তার এজাজ, শরীফ সিরাজ প্রমুখ।








