বিনোদন

‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কে এই কিনজা হাসমি?

‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কে এই কিনজা হাসমি?

ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের বিপরীতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির, মাহিরা খান কিংবা ডুরে ফিশানের কাউকে দেখা যাবে- এমন গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরেই। বিশেষ করে শাকিব অভিনীত ‘তুফান’ পাকিস্তানের সিনেমার বাজারে সাফল্য পাওয়ার পর থেকেই দুই দেশের দর্শকদের মধ্যে এ নিয়ে আগ্রহ তৈরি হয়।

অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ তার নায়িকা হচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী কিনজা হাসমি।

সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানা গেছে, সিনেমাটিতে অভিনয়ের জন্য ইতোমধ্যে কিনজা হাসমির সঙ্গে চুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে পরিচালক হিমেল আশরাফ কিংবা প্রযোজক আরশাদ আদনান এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেননি।

কে এই কিনজা হাসমি?

পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ কিনজা হাসমি। ২০১৪ সালে অভিনয়ের মধ্য দিয়ে বিনোদনজগতে যাত্রা শুরু করেন তিনি। দেখতে দেখতে পেরিয়ে গেছে এক যুগ। সম্প্রতি শোবিজে ১২ বছর পূর্তির মাইলফলক উদ্‌যাপন করেছেন এই অভিনেত্রী। এ উপলক্ষে নিজের ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও অর্জনের কথা তুলে ধরেন তিনি।

শুরু থেকেই পাকিস্তানের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান তৈরি করার স্বপ্ন ছিল কিনজার। দীর্ঘ পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের মনোযোগ কেড়েছেন। বিশেষ করে ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয়ের পর ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো নাটকে অভিনয় করে জনপ্রিয়তা আরও বাড়ে।

টেলিভিশন নাটকের পাশাপাশি টেলিছবি ও চলচ্চিত্রেও কাজ করেছেন কিনজা। ‘রূপোশ’ টেলিছবিতে তার অভিনয় প্রশংসিত হয়। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’। বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কাক্করের একাধিক গানের মডেল হিসেবেও কাজ করেছেন তিনি।

অভিনয়ের বাইরে ফ্যাশন ও স্টাইলের জন্যও পরিচিত কিনজা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা লাখ লাখ। পোশাক, সাজসজ্জা ও ব্যক্তিগত মুহূর্তের ছবি দিয়ে নিয়মিত ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। ফলে পাকিস্তানের তরুণ প্রজন্মের কাছে অভিনয়শিল্পী হিসেবে পরিচিতির পাশাপাশি ফ্যাশন আইকন হিসেবেও তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

ক্যারিয়ারের ১২ বছর পূর্তিতে কিনজা জানিয়েছেন, এই পথচলা সব সময় সহজ ছিল না। কাজের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ, সমালোচনা ও আত্মবিশ্বাসের সংকটের মুখোমুখি হয়েছেন তিনি। তবে এসব অভিজ্ঞতা তাকে আরও ধৈর্যশীল ও দৃঢ় হতে শিখিয়েছে। পরিবার, সহকর্মী, নির্মাতা, প্রযোজক এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অভিনেত্রী। সামনে আরও নতুন ধরনের চরিত্রে অভিনয়ের আগ্রহের কথাও জানিয়েছেন তিনি।

এবার ‘মহব্বত’ দিয়ে বাংলাদেশের সিনেমায় অভিষেক হতে যাচ্ছে কিনজা হাসমির। ফলে শাকিব খানের সঙ্গে পর্দায় তার রসায়ন কেমন হয়, তা নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে ‘মহব্বত’। আরশাদ আদনানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। এর চিত্রনাট্যকার হিসেবে যুক্ত আছেন চলচ্চিত্র সমালোচক ও লেখক রাশেদুজ্জামান রাকিব, যিনি আরএনএআর নামে পরিচিত। আগামী ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

বিষয়:কিনজা হাশমি মহব্বত শাকিব খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…