আন্তর্জাতিক ক্রিকেট থেকে হুট করে অবসর নেয়ার একদিন পর ঢাকায় ফিরেছেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে তার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গেছেন টাইগারদের সদ্যসাবেক ওয়ানডে অধিনায়ক। শুক্রবার দুপুর আড়াইটার দিকে তামিম গণভবনে প্রবেশ করেন।
বৃহস্পতিবার চট্টগ্রামে আকস্মিক ডাকা এক সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন তামিম। এসময় আবেগাপ্লুত হয়ে পড়েন। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন। অবসর পরবর্তী জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়ে নেন। তামিম বলেন, ‘জীবনের নতুন অধ্যায়ের জন্য সবার কাছে দোয়া চাই। সবাইকে আবারও ধন্যবাদ।’
এরপর রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সভা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বোর্ড পরিচালক সকলে। সভা শেষে বিসিবি সভাপতি বলেন, এখনও তামিমের ফেরার প্রত্যাশা করছেন। সেসব কথা চালাচালির মাঝেই প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে গেলেন তামিম।







