বিদেশে চিকিৎসার জন্য নেওয়া যাবে ৩০ হাজার ডলার

ছবি: সংগৃহীত
বিদেশে চিকিৎসার খরচ মেটাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই অনুমোদিত ব্যাংকের মাধ্যমে বিদেশে চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩০ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে এ সিদ্ধান্ত জানানো হয়।
সার্কুলারে বলা হয়েছে, বিদেশে বৈদেশিক মুদ্রা পাঠানোর ক্ষেত্রে নমনীয়তা আনা এবং বৈধ চলতি হিসাবের লেনদেন সহজ করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ৩০ হাজার ডলারের বেশি পাঠানোর ক্ষেত্রে আগের বিধিবিধান অনুসরণ করতে হবে।
বিদেশে পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও নিয়ম শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। আগে স্কুলপর্যায়ের পড়াশোনার জন্য বৈদেশিক মুদ্রা পাঠাতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন প্রয়োজন হতো। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের পড়াশোনার খরচ অনুমোদিত ডিলার ব্যাংকগুলো নিজেরাই ছাড় করতে পারবে। তবে শিক্ষার্থীর বিনা খরচে বা বৃত্তিতে পড়াশোনার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে ব্যাংকগুলোকে।
এ ছাড়া সার্টিফিকেশন ও পেশাগত কোর্সের পাশাপাশি ডাকযোগে পরিচালিত নিয়মিত একাডেমিক বা প্রাতিষ্ঠানিক শিক্ষাক্রমের খরচ পাঠানোর প্রক্রিয়াও সহজ করা হয়েছে। এসব খাতেও এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো।
ব্যক্তিগত ভ্রমণ, বিদেশে চিকিৎসা ও পড়াশোনাসহ বিভিন্ন অনুমোদিত খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ সম্প্রসারণের পাশাপাশি রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে অর্থ জমার নিয়মেও পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়মে, বাংলাদেশে বসবাসকারী কোনো বাংলাদেশি নাগরিক বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা আনলে তা আরএফসিডি হিসাবে জমা রাখতে হলে কাস্টমস কর্তৃপক্ষের কাছে এফএমইউ ফরমে ঘোষণা দিতে হবে। অর্থাৎ কাস্টমসে ঘোষণা করা বৈদেশিক মুদ্রাই এ ধরনের হিসাবে জমা রাখা যাবে।






