ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচের পর রেফারিকে নিয়ে মন্তব্য করায় টাচলাইনে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন লিভারপুল কোচ ইয়ূর্গেন ক্লপ। লিগে আগামী রোববার অ্যানফিল্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে টাচলাইনে থাকতে পারবেন না জার্মান কোচ।
ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে, সেই ম্যাচে জয়ের পর রেফারি পল টিয়েরনির সমালোচনা করায় শাস্তির সঙ্গে ক্লপকে জরিমানা হিসেবে গুণতে হবে ৭৫ হাজার পাউন্ড, যা বাংলাদেশী মুদ্রায় এক কোটি টাকারও বেশি।
গত মাসের ৩০ এপ্রিল টটেনহ্যামের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৪-৩ গোলে জয়ে পায় অলরেড বাহিনী। ম্যাচের ৯৪তম মিনিটে জয়সূচক গোলের পর উদযাপনের সময় দৌড়ে চতুর্থ অফিসিয়ালের সামনে গিয়ে কিছু একটা বলেন ক্লপ। তখন তাকে হলুদ কার্ডও দেখতে হয়েছিল।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে ৫৫ বর্ষী ক্লপ বলেছিলেন, আমাদের নিয়ে রেফারির হয়তো কোনো ‘সমস্যা’ আছে।
দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিলেও দ্বিতীয়টি ২০২৩-২৪ মৌসুমের জন্য স্থগিত করে আগামী মৌসুমে দেয়া হয়েছে। যে কারণে মৌসুমের শেষ ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে টাচলাইনে থাকতে পারবেন ক্লপ।
চলতি মৌসুমের শেষদিকে দারুণ ছন্দে আছে ক্লপের দল। টানা সাত জয়ে শীর্ষ চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা জাগিয়ে তুলেছে। তবে অলরেডদের তাকিয়ে থাকতে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও নিউক্যাসলের ম্যাচের দিকে।
লিগে ৩৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে পাঁচে আছে লিভারপুল। সমান ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তিনে নিউক্যাসল। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে চারে ইউনাইটেড। শিরোপার দৌড়ে এগিয়ে থাকা শীর্ষ দুদল ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল আছে তাদের ধরাছোঁয়ার বাইরে।







