বায়ুদূষণে শীর্ষে কলকাতা, ঢাকার অবস্থান ষষ্ঠ

ছবি: সংগৃহীত
বিশ্বের ১২৬টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ভারতের কলকাতা। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ষষ্ঠ।
রবিবার (১১ অক্টোবর) সকাল ৮টা ৩৮ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা কলকাতার বায়ুর মান ১৮৭, যা ‘অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে।
এ ছাড়া ১৮৪ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে সিঙ্গাপুর। এই শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’। তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভিয়েতনামের হ্যানয় শহর, যার স্কোর হচ্ছে ১৭৮।
ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের বাতাসের মান আজ ১৭৩, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’। এ ছাড়া দূষিত শহরের এই তালিকায় ১৬৭ স্কোরে পাকিস্তানের লাহোর পঞ্চম ও ১৬৬ স্কোরে ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে ঢাকা।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।
সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।






