ভোটের দু’দিন আগে সহিংসতা হওয়ার আশঙ্কা থাকে উল্লেখ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সেই শঙ্কা প্রতিহত করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেছেন, আসন্ন নির্বাচনে এক পক্ষ ভোটে, অন্য পক্ষ ভোট বর্জন করেছে। সুতরাং রাজনৈতিক কারণে ভোট আয়োজন কঠিন|
রোববার ৩১ ডিসেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।
তিনি বলেন, ভোট নিয়ে আমরা কুসুমাস্তীর্ণ পথে আগাচ্ছি না। সুতরাং, বহিরাগতদের কোনভাবেই কেন্দ্রে প্রবেশ করতে দিবেন না।
সিইসি বলেন, এবার আমাদের প্রমাণ করতে হবে, দলীয় সরকারের অধীনে ইসি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে। তবে সুষ্ঠু ভোটের জন্য সরকারকে সকল সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক কমিউনিটি সুষ্ঠু ভোট আশা করতেই পারেন। এটি অন্যায় নয়। কারণ, আমরাও গ্লোবাল কমিউনিটির অংশ।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটে সব দল আসবে এটা চিরন্তন সত্য। কিন্তু আসন্ন নির্বাচনে একটি পক্ষ না আসায় সেটার বাত্যয় হয়েছে।
এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একটি অন্যরকম নির্বাচন বলে মনে করছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। তিনি বলেন, ‘এই নির্বাচন সুষ্ঠু না হলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। সবকিছু থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব।’







