রাজনীতি

ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে অসন্তোষের মধ্যে সিইসির সঙ্গে ১১ দলের বৈঠক

ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে অসন্তোষের মধ্যে সিইসির সঙ্গে ১১ দলের বৈঠক

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের আগের দিন ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল।

বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে। অন্যদিকে, আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পর্যন্ত পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। এসব নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জোটটি।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সচিব উপস্থিত রয়েছেন। ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের হামিদুর রহমান আযাদ বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে। পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেবে জোট। এতে স্থানীয় সরকার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন সুপারিশ থাকবে।

১০ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আব্দুল বাতেন এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানসহ জোটের অন্য নেতারা।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কতটা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে, তা নিয়ে এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রচারণার সময় ক্ষমতাসীন দলের বিরুদ্ধে নির্বাচনি অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে আগেই নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছিল জামায়াতে ইসলামী।

বিষয়:১১ দলীয় ঐক্য ঠাকুরগাঁও ঠাকুরগাঁও উপনির্বাচন প্রধান নির্বাচন কমিশনার সিইসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…