ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের ৩ থানার ওসি বদলি

গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ-তাণ্ডব ও সহিংসতার ঘটনার পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পর এবার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। তাদের কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় বদলি করা হয়েছে।
এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়।
এদিকে রোববারের সহিংসতার পর সোমবার নতুন করে কোনো বিক্ষোভ বা সহিংসতার ঘটনা না ঘটলেও জেলার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে অতিরিক্ত পুলিশ, স্পেশাল রিজার্ভ ফোর্স (এসআরএফ) ও বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে।
নিরাপত্তা জোরদারে জেলায় মোট ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রথমে ছয় প্লাটুন মোতায়েন করা হলেও সোমবার আরও চার প্লাটুন যুক্ত করা হয়।
বিজিবি সদর দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সদস্যরা দায়িত্ব পালন করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী তাদের মোতায়েন করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) প্রস্তুত রাখা হয়েছে। দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের শরীরে বডি-ওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে। পাশাপাশি ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের ভিডিও সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।
অন্যদিকে ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে বলেছেন, গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
তবে রোববারের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। হামলার আশঙ্কায় অনেকে বাড়িঘর ছেড়ে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। বিশেষ করে গোপালগঞ্জ শহর ও টুঙ্গিপাড়ার নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক বেশি বলে জানান তিনি। সহিংসতায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন বিএনপির এই নেতা।
সোমবার দুপুর পর্যন্ত এসব ঘটনায় নতুন কোনো মামলা বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। তবে সংবাদ সম্মেলনে ডিআইজি মোস্তাফিজুর রহমান দাবি করেন, রোববারের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।





