বড় জয়ে মৌসুম শুরু করে দলের বহর নিয়ে আপত্তি জানিয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্সের বিপক্ষে ৪-০ গোলে জিতে মৌসুম শুরু করেছে ইংলিশ জায়ান্টরা, এরপরই সিটির বর্তমান স্কোয়াডের আকার বেশ বড় ও আদর্শ নয় মন্তব্য করেছেন পেপ।
উলভসের মোলিনিউক্স স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুদল। আর্লিং হালান্ড, রেইন্ডার্স, আবার হালান্ড ও অভিষিক্ত চেকরি গোল পেয়েছেন। ম্যাচের পর স্কোয়াড নিয়ে কথা বলেন গার্দিওলা।
‘অনেকবেশি, অনেকবেশি লোক। প্রতিটা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একটি বড় দল পছন্দ করি। খেলোয়াড়দের বাড়ি রেখে যেতে চাই না। কিন্তু এটা কোনভাবেই আদর্শ নয়। এ কারণে প্রতিযোগিতার জন্য ভালো পরিবেশ তৈরি হয় না।’
‘সব খেলোয়াড়ের মনে করা উচিত খেলতে পারবে। সেটা ক্লাব জানে তারা পারবে, কিন্তু পরিস্থিতি অন্যরকম। সবাইকে খেলানোর সুযোগ নেই। আগামী দুসপ্তাহের মধ্যে খেলোয়াড় এবং এজেন্টদের সাথে আলোচনা করে সমাধান খুঁজতে হবে।’
সাধারণত একটি ক্লাব ২৫ থেকে ২৭ জন খেলোয়াড় রাখতে পারে। চোট থাকলে সংখ্যা দুই-তিনজন বাড়াতে পারে। কিন্তু ম্যানসিটির দলে সংখ্যাটা ৩৪ জন।
বেশ কিছুদিন গ্যাস্ট্রোএন্টেরাইটিসে ভুগছেন সিটি গোলরক্ষক এডেরসন। আলোচনায় ছিল তুর্কি ক্লাব গ্যালাতাসারেতে যেতে পারেন তিনি। গ্রীষ্ম দলবদল জুড়েই ৩২ বর্ষী গোলরক্ষকের ভবিষ্যৎ নিয়ে জল্পনা। পিএসজির জিয়ানলুইজি দোন্নারুমার উপর নজর ছিল সিটির।
গার্দিওলা বলছেন, ‘আমার কাছে কোন খবর নেই। তার অসুস্থতা দেখেছি, কিন্তু ক্লাবের সাথে কোন কথা বলিনি। সিটির জন্য তিনি নম্বর ওয়ান।’
‘যদি কোন খেলোয়াড় চলে যেতে চায়, তাকে চলে যেতে হবে, কিন্তু ক্লাবের শর্ত মেনে। যদি এখানে খুশি না থাকে তাহলে কোন লাভ নেই। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এবং চুক্তিটি কীভাবে সম্পন্ন করা যায় তা ১০০ শতাংশ ক্লাবের, আমার নয়। আগামী দুসপ্তাহে যেকোনো কিছু হতে পারে।’
মৌসুমের প্রথম জয়ে গার্দিওলা খুশি, কিন্তু দলের উন্নতির প্রয়োজন আছে বলেছেন- ‘ফলাফল এবং প্রথমার্ধে আমি সন্তুষ্ট। দ্বিতীয়ার্ধে যা চেয়েছিলাম সেটা পাইনি। মৌসুমের প্রথম খেলা বলে এটি স্বাভাবিক। আমাদের ভালো গতি আছে এবং এটি এমন একটি অস্ত্র যা আমরা ব্যবহার করতে চাই, আমাদের দ্রুত আক্রমণের জন্য।’
‘আমাদের গোল করার তিন-চারটি সুযোগ ছিল, পার্থক্য হল প্রতিপক্ষ কৌশলগতভাবে শক্তিশালী ছিল। আমরা যে প্রতিটি ভুল করেছি তা আমাদের পিছিয়ে দিয়েছে। তারা অনেক সুযোগ তৈরি করেছে এবং ১০টি গোল করার যোগ্যতা রাখে তারা।’
ম্যানচেস্টার সিটির পরের ম্যাচ ঘরের মাঠে। শনিবার বিকেলে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে তারা।







