ফুটবল

রোনালদোর বর্ণিল ক্যারিয়ারের যোগ্য বিদায় চান গার্দিওলা, পর্তুগালকে বার্তা দিলেন

রোনালদোর বর্ণিল ক্যারিয়ারের যোগ্য বিদায় চান গার্দিওলা, পর্তুগালকে বার্তা দিলেন

জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে বিদায়ের আগে নানা বিতর্কের মুখোমুখি হয়েছিলেন। বিতর্কের অবসান চেয়েছেন পেপ গার্দিওলা। পাশাপাশি রোনালদোকে মর্যাদাপূর্ণ ও সম্মানজনক বিদায় দেওয়ার জন্য পর্তুগালকে আহ্বান জানিয়েছেন সাবেক ম্যানচেস্টার সিটি কোচ।

ব্রাজিলের কিংবদন্তি রোমারিওর ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে গার্দিওলা বলেন, ‘পর্তুগিজ ফুটবল ফেডারেশনের উচিত ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের একটি সম্মানজনক সমাপ্তি নিশ্চিত করা। তিনি যেভাবে পর্তুগাল জাতীয় দল থেকে বিদায় নিয়েছেন, তা হওয়া উচিত নয়। তারা তাকে এভাবে যেতে দিতে পারে না।’

ম্যানচেস্টার সিটি কোচ আরও বলেন, ‘ফুটবলে কিছু অসাধারণ খেলোয়াড় থাকেন, যাদের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো অন্যতম। তাই এই পরিস্থিতির সংশোধন হওয়া জরুরি। তারা এটি করবে কি করবে না, তা আমার বিষয় নয় তবে তাদের এটি করতেই হবে। ফুটবলে তিনি যা অর্জন করেছেন, তার জন্য তিনি আরও সুন্দর একটি বিদায় পাওয়ার যোগ্য।’

পর্তুগাল ও রোনালদোর সম্পর্কের শীতলতা নিয়ে তিনি বলেন, ‘একটি উপযুক্ত বিদায় নিশ্চিত করতে উভয় পক্ষকেই এগিয়ে আসতে হবে। তাদের বুঝতে হবে, ক্রিস্টিয়ানো রোনালদো নিজের শর্তে বিদায় নেওয়ার যোগ্য।’

পাশাপাশি রোনালদোকে উদ্দ্যেশ্য করে তিনি বলেন, ’’এমন একটি উদযাপনের আয়োজন হওয়া উচিত যেখানে তিনি দেশবাসীর ভালোবাসা অনুভব করতে পারবেন। আর তাকেও নিজে থেকে উদ্যোগ নিয়ে বলতে হবে, ‘চলুন, অতীতকে পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করি।”

ক্যারিয়ারের শেষ দিকের কোনো ভুল বোঝাবুঝি দিয়ে একজন কিংবদন্তির পুরো যাত্রাকে বিচার করা উচিত নয় বলে মনে করেন গার্দিওলা। তার ভাষায়, ‘পুরো ক্যারিয়ারকে কেবল এক বা দুই মাসের ঘটনা, কিংবা দু-একজন ব্যক্তির সঙ্গে হওয়া মতপার্থক্য বা ভুল বোঝাবুঝির ভিত্তিতে বিচার করা উচিত নয়। এমন অনেক ক্যারিয়ার রয়েছে যা অর্জনে পরিপূর্ণ এবং তা সংরক্ষণ ও সুরক্ষার দাবি রাখে। মহান খেলোয়াড়রা যারা সত্যিই তাদের খেলার শিখরে ছিলেন তাদের সম্মানের সঙ্গে বিদায় নেওয়ার অধিকার রয়েছে। প্রথমত, কারণ খেলার জন্য তারা যা কিছু দিয়েছেন, তার মাধ্যমেই তারা এই অধিকার অর্জন করেছেন। ফুটবল নিজেই তাদের এই স্বীকৃতি দেওয়ার জন্য ঋণী।’

রোনালদোর বিদায় কীভাবে সম্পন্ন হয়, তার ওপর পর্তুগালের ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের অনুপ্রেরণার বিষয়টিও জড়িয়ে আছে বলে মনে করেন গার্দিওলা।

তিনি বলেন, “রোনালদো কেবল নিজের বা পর্তুগালের জন্যই নন, বরং পর্তুগিজ খেলোয়াড়দের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। এছাড়া, যারা সবেমাত্র ফুটবলের মাঠে পা রাখছে সেই শিশুদের কথা ভাবুন। যারা হয়তো বলবে, ‘আমিও রোমারিও, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, পাওলো মালদিনি বা ইতিহাসের অন্য যেকোনো মহান খেলোয়াড়ের মতো আমার ক্যারিয়ার শেষ করতে চাই।”

বিষয়:ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল পেপ গার্দিওলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…