পেন্টাগন জানিয়েছে, ইরান সংশ্লিষ্ট যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৯০০ কোটি ডলার। এর আগে, গত ২৯ এপ্রিল পেন্টাগনের দেওয়া এক প্রাথমিক হিসাবে যুদ্ধ ব্যয়ের পরিমাণ ধরা হয়েছিল ২ হাজার ৫০০ কোটি ডলার। নতুন হিসাবে অতিরিক্ত ৪০০ কোটি ডলার যুক্ত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) মার্কিন আইনপ্রণেতাদের সামনে এই তথ্য তুলে ধরেন পেন্টাগনের ভারপ্রাপ্ত হিসাবনিয়ন্ত্রক জুলস হার্স্ট। তিনি বলেন, জয়েন্ট স্টাফ ও হিসাবনিয়ন্ত্রক টিম নিয়মিতভাবে ব্যয়ের হিসাব পর্যালোচনা করছে। সর্বশেষ ব্যয়ের মধ্যে সামরিক সরঞ্জাম প্রতিস্থাপন, মেরামত এবং চলমান অভিযানের খরচ অন্তর্ভুক্ত রয়েছে।
এসময় তার পাশে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন। কীভাবে ২ হাজার ৯০০ কোটি ডলারের এই হিসাব নির্ধারণ করা হয়েছে, সে বিষয়ে পেন্টাগন বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। তবে মার্চ মাসে যুদ্ধের প্রথম ছয় দিনেই ব্যয় হয়েছিল প্রায় এক হাজার ১৩০ কোটি ডলার।
এদিকে, যুদ্ধ ব্যয়ের এই বাড়তি চাপকে ঘিরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও আলোচনা তীব্র হচ্ছে। সামনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে যুদ্ধ ব্যয়কে যুক্ত করে বিরোধী ডেমোক্র্যাটিক পার্টি জনমত নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে।








